ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
সোমবারের বৈঠকে অনুমোদন পেয়েছে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনও।
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে ঝূকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জনগণের জানমাল রক্ষা করতে হবে। তাই জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড আইন প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।"
এ তহবিলের জন্য চলতি অর্থ বছরের বাজেটে ৭০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পারিবারিক সহিংসতা আইনের বিষয়ে প্রেস সচিব বলেন, "পারিবারিক নির্যাতন বন্ধ করার লক্ষ্যেই এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বের ৮৯টি দেশে এ ধরনের আইন আছে।"
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে আজাদ বলেন, "এটি সময়োপযোগী আইন। পারিবারিকভাবে নারী ও শিশু নির্যাতন বন্ধ না হলে জাতীয় পর্যায়ে এর প্রভাব পড়বে।"
মাংস রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের জটিলতায় যেন না পড়তে হয়, সে জন্য পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন হচ্ছে বলে আবুল কালাম জানান।
তিনি বলেন, "আমাদের দেশে যেভাবে পশু জবাই হয় তাতে মাংসের মান নিয়ন্ত্রণ হয় না। মাংসের মান নিয়ন্ত্রণ করা গেলে অনেক দেশে তা রপ্তানি করা সম্ভব হবে।"
তথ্য অধিকার (সংশোধন) আইন অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হলে এটি ফেরত পাঠানো হয়েছে বলে জানান প্রেসসচিব।
এতে কিছু সংশোধন এনে উত্থাপন করতে বলা হয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/১৬১৬ ঘ.
bdnews24