২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চেয়ে পার পেলেন শামীম

ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন যমুনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 06:17 AM

Updated : 24 Aug 2022, 07:00 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন যমুনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। যমুনা ফিউচার পার্ক ভাঙা ঠেকাতে যমুনা গ্রুপের কর্ণধার নূরুল ইসলাম বাবুলের ছেলে শামীম আদালতের নির্দেশের অপব্যাখ্যা করেন বলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযোগ এনেছিলো। কুড়িলে নির্মাণাধীন যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ ভাঙার কাজ করছে রাজউক। তা ঠেকাতে যমুনা কর্তৃপক্ষ একটি রিট আবেদন করে। তা খারিজ হওয়ার শামীম ওই কাজ স্থগিতে রাজউকে একটি আপিল করেন। তাতে তিনি উল্লেখ করেছিলেন, 'আদালতের নির্দেশনা অনুযায়ী আপিল করলাম।' আদালত এমন কোনো নির্দেশনা দেয়নি জানিয়ে রাজউক শামীমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলে হাইকোর্ট শামীমকে তলব করেছিলো। শামীম সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলে আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। গত ৬ ফেব্রুয়ারি শামীম ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে রাজউক। ওই আবেদনে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি যমুনা ফিউচার পার্ক ভাঙ্গা নিয়ে যমুনা বিল্ডার্স রাজউকে একটি আপিল আবেদন করে। ওই আপিল আবেদনে বলা হয়েছিলো, হাইকোর্টের ৩ ফেব্রুয়ারি তারিখের রায়ের নির্দেশনা অনুযায়ী আপিল করা হলো। কিন্তু হাইকোর্টের রায়ে আপিল দায়ের করার কোনো নির্দেশনা ছিলো না। তাই শামীম ইসলাম আদালতের রায়ের অপব্যাখ্যা দিয়ে আদালত অবমাননা করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালতের আদেশের পর রাজউকের কৌঁসুলি এএফএম মেসবাহউদ্দিন সাংবাদিকদের বলেন, নিঃশর্ত ক্ষমা চাওয়ায় শামীম ইসলামকে এ অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। আদালতে শামীম পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমআই/১২১২ ঘ.