২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত; বহিষ্কার ৬

এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় ছাত্রদলের পাঁচজনসহ ছয়জনকে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 02:08 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় ছাত্রদলের পাঁচজনসহ ছয়জনকে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত অপর জন ছাত্রলীগেরই বহিষ্কৃত নেতা। শনিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালযের বিশমাইল এলাকায় একদল সন্ত্রাসী আল বেরুনী হলের ছাত্র ও ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন ইমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র ইমন বর্তমানে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এরপর ছয় ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে নোটিশ রোববার বিভিন্ন দপ্তরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বহিষ্কৃত ছাত্রদল নেতা-কর্মীরা হলেন- গালিব ইমতিয়াজ নাহিদ (বাংলা বিভাগ), আসাদুল হাকিম আসাদ (ভূতত্ত্ব বিভাগ), সাব্বির আহমেদ (ইতিহাস বিভাগ), মিথুন (নৃবিজ্ঞান বিভাগ) ও সুজন (পদার্থবিজ্ঞান বিভাগ)। বহিষ্কৃত সাবেক ছাত্রলীগ নেতা হলেন আজিবুর রহমান (গণিত বিভাগ)। তাদের সবাইকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ইমনের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা নাহিদুর রহমান সাগর বাদি হয়ে রোববার আশুলিয়া থানায় মামলা করেছেন। আশুলিয়া থানার ওসি মামলার কথা স্বীকার করলেও তদন্তের স্বার্থে আসামিদের নাম সাংবাদিকদের কাছে প্রকাশ করতে রাজি হননি। তবে বাদি সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বহিষ্কৃত ছয়জনসহ মোট সাতজনকে আসামি করেছেন। আহত ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ওষুধ কিনতে বিশমাইল এলাকায় গিয়েছিলাম। সেখানে ওঁৎ পেতে থাকা ছাত্রদলকর্মীরা অতর্কিত হামলা চালায় এবং চাপাতি ও রামদা দিয়ে আমাকে এলোপাতাড়ি আঘাত করে।" এর আগেও দুই দফা ইমনের ওপর হামলা হয়েছিলো। সে জন্য তিনি থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডিকে/এআরআর/এমআই/১৯৫৬ ঘ.