ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বলেছেন, প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত শুরুর লক্ষ্যে শিগগিরই আইন প্রণয়ন করা হবে।
ইনস্টিটিউটের যাত্রা শুরুতে দেরি হওয়ার জন্য বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের গড়িমসিকে দায়ী করেন হাসিনা।
প্রধানমন্ত্রী বিকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবন উদ্বোধন করেন। ওই ভবন ঘিরে সাংস্কৃতিক বলয় গড়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক রফিকুল ইসলাম ইনস্টিটিউট যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে ব্যবস্থা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, "যথাযথ আইন, নীতিমালা, বিধিমালা প্রণয়ন করে এ ইনস্টিটিউটকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যেতে চাই। যাতে ভবিষ্যতে এটা নিয়ে কেউ খেলা খেলতে না পারে। একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবেই এটি গড়ে উঠবে। সেভাবেই আমরা ব্যাবস্থা নেবো।"
ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক আব্দুল মান্নান গত সপ্তাহে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে একটি খসড়া আইন করা হয়েছে। এটি পাস হলেই নির্ধারিত হবে এ ইনস্টিটিউটের কাজ কী হবে।"
দেশে ও দেশের বাইরে বাংলা ভাষার প্রচার ও প্রসারসহ ভাষা বিষয়ক গবেষণা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধান কাজ হবে বলে খসড়া আইনে বলা হয়েছে।
২০০১ সালের ১৫ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনামের উপস্থিতিতে ইনস্টিটিউটের ভিত্তিস্থাপন করেন। ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০০১ সালের এপ্রিল মাসে। চারদলীয় জোট সরকারের সময়ে তা আর এগোয়নি।
শেখ হাসিনা বলেন, "আমি তাদের (জোট সরকার) সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এ জন্য যে তারা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ যথাসময়ে শেষ করেননি। তারা যদি তা যথাসময়ে শেষ করতেন তবে তারাই উদ্বোধন করতেন, আমার আর উদ্বোধন করা হতো না।"
"যারা নিজের ভাষার মর্যাদা দেয় না, সংস্কৃতির মর্যাদা দেয় না, তারা খাটি বাঙালি কি না, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী কি না, সে প্রশ্নটা দেখা দেয়। তা না হলে এতো মহৎ একটা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হলো কেন?", প্রশ্ন রাখেন হাসিনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী উদ্যান ও সেখানে স্থাপিত বিজয়স্তম্ভ, শিখা চিরন্তন, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমি- এসব মিলিয়ে এ এলাকাটাকে একটা সাংস্কৃতিক বলয় হিসেবে গড়ে তোলার ইচ্ছার কথা জানান হাসিনা।
ইনস্টিটিউটের কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ইনস্টিটিউটে শুধু বাংলা নয়, সারা পৃথিবীর যত মাতৃভাষা আছে সবগুলোর চর্চা হবে। এখানে ভাষার চর্চা হবে, সংগ্রহশালা হবে, বিভিন্ন ভাষার উপাদানগুলো সংগ্রহ করা হবে, গবেষণাও হবে।
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেন্দ্রীয় শহীদ মিনারের মূল নকশা অনুযায়ী তা আরো সুন্দর করার আগ্রহের কথাও জানান হাসিনা।
২১ ফেব্র"য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টায় উদ্যোগ নেওয়ার জন্য তিনি কানাডা প্রবাসী রফিকুল ইসলাম ও আব্দুস সালামের প্রতি কৃতজ্ঞতা জানান।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24