মৌলভীবাজার, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোকালয়ে ধরা পড়া ছয়টি বন্যপ্রাণী মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে রোববার।
প্রাণীগুলো হলো, দুইটি বন বিড়াল, দুইটি বানর, একটি অজগর ও একটি লজ্জাবতী বানর।
দুপুরে জাতীয় উদ্যানের জানকীছড়ার গহীণ অরণ্যে সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ আনুষ্ঠানিকভাবে বন্যপ্রাণীগুলো অবমুক্ত করেন।
শ্রীমঙ্গলের মিনি চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব জানান, গত একমাসে মৌলভীবাজারের বিভিন্ন স্থানের বাসিন্দাদের হাতে প্রাণীগুলো ধরা পড়েছিল।
এদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন তিনি।
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও একুশ উপলক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে তিনি বন্যপ্রাণীগুলো লাউয়াছড়ায় অবমুক্ত করার উদ্যোগ নেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা একেএম আজাহারুল ইসলাম, মিনি চিড়িয়াখানার পরিচালক সজল দেব, বন-বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮১৫ ঘ.
bdnews24