রাঙামাটি, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়িতে শনিবারের সংঘর্ষে নিহত আরেকজনের লাশ পাওয়া গেছে। এনিয়ে দুটি লাশের সন্ধান মিললো। পাহাড়িদের দাবি, নিহতের সংখ্যা অন্তত ছয়জন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রোববার সকালে বাঘাইছড়ির গঙ্গারামমুখসহ বিভিন্ন স্থানে যান। তিনি সংঘাতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন। প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা সাংবাদিকদের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাঙামাটি প্রতিনিধিও রয়েছেন।
প্রতিমন্ত্রী সকালে গঙ্গারামমুখে পৌঁছলে পাহাড়িরা লক্ষ্মী বিজয় চাকমার লাশ নিয়ে আসে। তার বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। পাহাড়িরা দাবি করছেন, সেনাবাহিনীর গুলিতেই লক্ষ্মী বিজয়ের মৃত্যু হয়েছে।
এর আগে শনিবার বুদ্ধপতি চাকমার (৩৬) লাশ উদ্ধার করে পুলিশ।
পাহাড়িরা প্রতিমন্ত্রীকে বলেন, চারটি লাশ সেনাবাহিনী গুম করেছে। নিখোঁজ আছে আরো কয়েকজন।
প্রতিমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তারাও রয়েছেন। সেনা সদস্যদের দেখে পাহাড়িদের মধ্যে প্রথমে ক্ষোভ দেখা দেয়। পরে দীপঙ্কর পরিস্থিতি শান্ত করেন।
প্রতিমন্ত্রী বলেছেন, সহিংসতার এ ঘটনার এক সপ্তাহের মধ্যে তদন্ত করা হবে।
পাহাড়ি-বাঙালি মুখোমুখি অবস্থানের কারণে বাঘাইছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাহাড়িরা তা তুলে নেওয়ার আহ্বান জানালে দীপঙ্কর বলেন, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গঙ্গারামমুখ এলাকায় গিয়ে দেখা যায়, বহু ঘর পুড়ে গেছে।
ভূমি নিয়ে বিরোধের জের ধরে রাঙামাটির শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে ভারতের সীমান্তবর্তী বাঘাইছড়ির কয়েকটি এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অন্তত ৫০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যার অধিকাংশই পাহাড়িদের। পরে সেনাবাহিনীও ঘটনাস্থলে যায়।
শনিবার একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বলেছে, সেনাবাহিনীর গুলিতে অন্তত তিনজন মারা গেছেন। সংগঠনটি এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়েছে।
সেনাবাহিনী গুলি চালিয়েছে বলে রাঙামাটির পুলিশ সুপার মাসুদুল হাসানও স্বীকার করেন।
তিনি শনিবার বিবিসিকে বলেন, "আমি ঘটনাস্থলে ছিলাম না। যতটুকু জানতে পেরেছি সেনাবাহিনী এবং পাহাড়িদের মধ্যে গোলাগুলি হয়েছে।"
হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী সোমবার রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে পাহাড়ি সংগঠন জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিললস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪২ ঘ.
bdnews24