২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ স্মরণে শ্রদ্ধাবনত দেশ

শ্রদ্ধা আর ভালোবাসায় দেশ স্মরণ করেছে বায়ান্নোর ভাষা শহীদদের। সর্বস্তরের মানুষের ভালোবাসার অর্ঘ্যে ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 04:42 AM

Updated : 24 Aug 2022, 06:58 PM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রদ্ধা আর ভালোবাসায় দেশ স্মরণ করেছে ভাষা শহীদদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটি এখন পালিত হচ্ছে স্বদেশের গণ্ডি ছড়িয়ে আন্তর্জাতিকভাবেও। একুশের প্রথম প্রহরেই দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারগুলো ফুলে ফুলে ভরে উঠে। কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে শ্রদ্ধা নিবেদনের পর্ব। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শহীদ মিনারে ফুল দেন। এরপরপরই সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে শুরু করে। রোববার দুপুরে পর্যন্ত সাধারণ মানুষের ভালোবাসার অর্ঘ্যে পূর্ণ হয়ে উঠে শহীদ মিনারের বেদী। মিছিলের সারি ছিলো পলাশী পেরিয়ে আজিমপুরের কাছাকাছি। ২১ ফেব্র"য়ারি বাঙালির জাতীয় ইতিহাসের এক বেদনার দিন, একইসঙ্গে গৌরবেরও। মায়ের ভাষার সম্মান রক্ষায় অসাধারণ আত্মত্যাগের স্মৃতিতে ভাস্বর এ দিনটিকে ঘিরে বাঙালির শোক-শ্রদ্ধার প্রকাশ ঘটে ফুলের তর্পণ আর ভাইকে হারানোর বেদনা কণ্ঠে ধারণ করে। ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতি এ দিনটিতে ভিন্ন মাত্রা যোগ করে। এখন সারা বিশ্বে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে এ দিন। পৃথিবী থেকে যখন অনেক ভাষা হারিয়ে যেতে বসেছে, তখন তা প্রতিরোধে এ দিনটি প্রণোদনা যোগাচ্ছে। বাংলাদেশে ২১ ফেব্র"য়ারি সরকারি ছুটির দিন, শহীদ স্মরণে জাতীয় পতাকাও ছিলো অর্ধনমিত। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর ফুল দেন মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার শওকত আলী ও সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ। পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, তিন বাহিনীর প্রধান, ঢাকাস্থ বিদেশি কূটনৈতিক মিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা। রাত ১২টা ১৭ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ভাষা সৈনিক, সেক্টর কমান্ডারস ফোরাম, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, জাসদ, সাম্যবাদী দল, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন ব্যানার নিয়ে পুস্পস্তবক অর্পণ করে। পরে সাধারণ মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দেয় শহীদ মিনারে। মানুষকে সারিবদ্ধ রাখতে হিমশিম খেতে নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকরা। শনিবার সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে ছিল নিরাপত্তার ঘেরাটোপ। শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় সেনাবাহিনী, বিডিআর, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৮ হাজার সদস্য মোতায়েন করা হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও শহীদ মিনার এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহায়তা করেন। সন্ধ্যা ৭টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়; যা বেলা দেড়টা পর্যন্ত অব্যাহত থাকে। ক্যাম্পাসে প্রবেশের পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। কড়া নিরাপত্তার মধ্যেই মানুষ সারিবদ্ধভাবে এগিয়ে চলে শহীদ মিনারের পানে। ১৯৫২ সালের ২১ ফেব্র"য়ারি মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার মিছিলে তৎকালীন পাকিস্তানি সরকারের নির্দেশে গুলি চালায় পুলিশ। গুলি হয় পরদিনও। দুদিনে নিহত হয় আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ, শফিউর আর আব্দুল জব্বারসহ নাম না জানা অনেকে। ওই দিন আহত হয়ে আব্দুস সালাম মারা যান ৭ এপ্রিল। শহীদদের আত্মত্যাগে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। পাকিস্তানি শাসকচক্রের ভীতি উপেক্ষা করে ২৩ ফেব্র"য়ারি এক রাতের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে গড়ে তোলা হয় প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ। ২৬ তারিখে পুলিশ সেটা গুঁড়িয়ে দিলেও বাঙালির স্মৃতিতে অম্লান হয়ে থেকেছে স্মৃতির মিনার। আন্দোলনের ফসল হিসেবে ১৯৫৬ সালে সরকারিভাবে উদ্বোধন করা হয় পূর্ণাঙ্গ শহীদ মিনার। এরপর থেকে বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে প্রেরণার উৎস হয়ে থেকেছে একুশে ফেব্র"য়ারি। স্বাধীনতা পরবর্তীকালেও যে কোনো অন্যায়ের প্রতিরোধে একুশ হয়েছে মৌল চেতনার উৎস। বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/এসএম/এইচএ/এমআই/১৭৩০ ঘ.