২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে প্রটোকল না দেওয়ার অভিযোগ

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে প্রটোকল দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 07:22 PM

Updated : 24 Aug 2022, 06:56 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে প্রটোকল দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, খালেদা জিয়াকে ভিআইপিদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করতে দেওয়া হয়নি। একুশের প্রথম প্রহরের পর রাত ১২টা ৪০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ অভিযোগের কথা জানান বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বলেন, "কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গাড়িবহরকে রাত ১১টা ৪৫ মিনিটে আবদুল গনি রোডের কাছে এবং ১২টা থেকে দোয়েল চত্বরের কাছে পুলিশ আটকে রাখে। ভিআইপি প্রটোকল থাকা সত্ত্বেও পুলিশ জানায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাওয়ার পর আপনারা যেতে পারবেন।" একুশের প্রথম প্রহরের পর রাত ১২টা ১৭ মিনিটে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আর এ গনি, মওদুদ আহমেদ,মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিঞা, শাহজাহান ওমর, সাদেক হোসেন খোকাসহ নেতৃবৃন্দ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রেস সচিব আরো অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নির্ধারিত সময়ে যেতে বাধা দেওয়া হয়েছে। উপরন্তু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, কূটনীতিক, তিনবাহিনীর প্রধানের পর আওয়ামী যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সরকারি দলের সংগঠনের নেতাদের পুস্পস্তবক অর্পণ করতে দেওয়া হয়। এটা রাষ্ট্রাচারের নিয়মনীতি পরিপন্থি। সরকার বিরোধী দলীয় নেতাকে তার প্রাপ্য সম্মান পর্যন্ত দেয়নি। মারুফ কামাল খান আরো বলেন, বিরোধী দলীয় নেতা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দেন বিশৃঙ্খল, নিরাপত্তাহীন অবস্থায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কেউই বিরোধী দলীয় নেতাকে স্বাগত জানাতে আসেননি। তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর রাত ১২টা ১২ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করার পর বিরোধী দলীয় নেতার গাড়িবহরকে দোয়েল চত্বর থেকে শহীদ মিনারের দিকে যেতে দেয় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০১১৯ ঘ.