ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম)- বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় স্মরণ করছে রফিক, সালাম, জব্বার, বরকতসহ নাম না জানা ভাষা শহীদদের। একুশের প্রথম প্রহরে তাদের প্রতি রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা নিবেদনের পর বাঁধভাঙা মানুষ হৃদয়ের অর্ঘ্য নিবেদনে ছোটে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদী। সারাদেশের শহীদ মিনারগুলোতেও চলছে ভালোবাসার ফুলেল তর্পণ।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ১২টা ১ মিনিটের পর পর্যায়ক্রমে ফুল দেন তারা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর ১২টা ৭ মিনিটে শহীদ মিনারের বেদীতে ফুল দেন মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার শওকত আলী ও সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ।
পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, তিন বাহিনীর প্রধান, ঢাকাস্থ বিদেশী কূটনৈতিক মিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা।
রাত ১২টা ১৭ মিনিটে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সিনিয়র নেতা আর এ গনি, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিঞা, শাহজাহান ওমর, সাদেক হোসেন খোকা, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকসহ নেতবৃন্দ পুস্পস্তবক অর্পণ করে নিরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ভাষা সৈনিক, সেক্টর কমান্ডারস ফোরাম, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, জাসদ, সাম্যবাদী দল, ওয়ার্কার্স পার্টি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
পরে সাধারণ মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদী। লোকজনকে সারিবদ্ধ রাখতে হিমশিম খাচ্ছিলেন নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকরা।
ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন ব্যানার নিয়ে পুস্পস্তবক অর্পণ করে। পলাশী পর্যন্ত দীর্ঘ লাইনে অপেক্ষমান হাজারো মানুষ।
সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে ছিল নিরাপত্তার ঘেরাটোপ। শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় সেনাবাহিনী, বিডিআর, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৮ হাজার সদস্য মোতায়েন করা হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও শহীদ মিনার এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহায়তা করেন।
সন্ধ্যা ৭ টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ক্যাম্পাসে প্রবেশের পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। কড়া নিরাপত্তার মধ্যে মানুষ সারিবদ্ধভাবে এগিয়ে যায় শহীদ মিনারের দিকে।
একুশে ফেব্র"য়ারি বাঙালির জাতীয় ইতিহাসের এক বেদনার দিন, গৌরবের দিন। মায়ের ভাষার সম্মান রক্ষায় অসাধারণ আত্মত্যাগের স্মৃতিতে ভাস্বর এই দিনটিকে ঘিরে বাঙালির শোক-শ্রদ্ধার প্রকাশ ঘটে ফুলের তর্পণ আর ভাইকে হারানোর বেদনা কণ্ঠে ধারণ করে।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার মিছিলে সমবেত আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ, শফিউর আর আব্দুল জব্বারসহ নাম না জানা অনেকে পুলিশের গুলিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। ওই দিন আহত হয়ে আব্দুস সালাম মারা যান ৭ এপ্রিল।
শহীদদের আত্মত্যাগে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। পাকিস্তানি শাসকচক্রের ভীতি উপেক্ষা করে ২৩ ফেব্র"য়ারি এক রাতের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে গড়ে তোলা হয় প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ। ২৬ তারিখে পুলিশ সেটা গুঁড়িয়ে দিলেও বাঙালির স্মৃতিতে অম্লান হয়ে থেকেছে স্মৃতির মিনার। আন্দোলনের ফসল হিসেবে ১৯৫৬ সালে সরকারিভাবে উদ্বোধন করা হয় পূর্ণাঙ্গ শহীদ মিনার।
এরপর থেকে বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে প্রেরণার উৎস হয়ে থেকেছে একুশে ফেব্র"য়ারি। স্বাধীনতা পরবর্তীকালেও যে কোনো অন্যায়ের প্রতিরোধে একুশ হয়েছে মৌল চেতনার উৎস।
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/এসএম/এইচএ/০১০২ ঘ.
bdnews24