চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলীর সাগরিকা এলাকা থেকে শনিবার রপ্তানি নিষিদ্ধ বিপুল পরিমাণ সুগন্ধি চালসহ ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, পাচারের উদ্দেশ্যেই এসব চালক দুটি কাভার্ড ভ্যানে ওঠানো হচ্ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন- আজিজ হাওলাদার, মো. জাহাঙ্গীর, আনোয়ার হোসেন ও ইব্রাহীম।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক আখতারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে সাগরিকা রোড এলাকায় দুটি কাভার্ড ভ্যানে রপ্তানি নিষিদ্ধ সুগন্ধি কালোজিরা চাল ভর্তি করা হচ্ছে এ খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার ৯৮৫ প্যাকেট চাল জব্দ করি।"
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা প্রথমে ঢাকা থেকে এসব চাল আনা হয়েছে বলে দাবি করলেও এর পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
বিদেশে রপ্তানির উদ্দেশ্যেই এসব চাল কাভার্ড ভ্যানে ভর্তি করা হচ্ছিল বলে জানান পুলিশ কর্মকর্তা আখতার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জিএনএ/২১০৭ ঘ.
bdnews24