২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত পাঁচ পাহাড়ির পরিচয় দিয়েছে স্থানীয়রা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গঙ্গারামমুখ এলাকায় শনিবার সেনাবাহিনীর গুলিতে নিহত পাঁচজনের পরিচয় দিয়েছেন স্থানীয় নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 02:51 PM

Updated : 24 Aug 2022, 06:57 PM

রাঙামাটি, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গঙ্গারামমুখ এলাকায় শনিবার সেনাবাহিনীর গুলিতে নিহত পাঁচজনের পরিচয় দিয়েছেন স্থানীয় নেতারা। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বলেছে, সেনাবাহিনীর গুলিতে অন্তত তিনজন মারা গেছেন। সংগঠনটি এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সেনা কর্মকর্তা বলেছেন, সংঘর্ষে একজন মারা গেছে। তবে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। রাঙামাটির পুলিশ সুপার মাসুদুল হাসান বিবিসিকে বলেন, "আমি ঘটনাস্থলে ছিলাম না। যতটুকু জানতে পেরেছি সেনাবাহিনী এবং পাহাড়িদের মধ্যে গোলাগুলি হয়েছে।" কোন পরিস্থিতিতে সেনা সদস্যরা গুলি করতে বাধ্য হয়েছে- প্রশ্ন করা হলে তিনি বলেন, "নিশ্চয় দরকার ছিল বলে গুলি করা হয়েছে। ওই খানে ঘরবাড়ি যেহেতু পোড়া যাচ্ছিল এটা নিয়ন্ত্রণে রাখার জন্যই গুলি করা হয়েছে।" তবে এখন পর্যন্ত প্রশাসনের কাছে হতাহতের কোনো খবর আসেনি দাবি করে মাসুদুল হাসান বলেন, "সেনাবাহিনীর একজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে। তবে পাহাড়ি বা বাঙালিদের কেউ আহত বা নিহত হয়েছে কিনা তা জানা যায়নি।" স্থানীয়রা জানিয়েছেন নিহত পাঁচজন হলেন- শান্তশীল চাকমা (২৭), নতুন জয় চাকমা (৩২), লক্ষীবিজয় চাকমা (৪০), লিটন চাকমা (২৫) ও বুদ্ধপতি চাকমা (৩৬)। এর মধ্যে বুদ্ধপতি চাকমার লাশ উদ্ধার করে বাঘাইছড়ি থানায় নেওয়া হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, নিহতের মাথায় গুলি লেগেছে। রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী একজন নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। শনিবার নয়াদিল্লিভিত্তিক মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশ সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা শুক্রবার রাতে আদিবাসীদের বাড়িতে আগুন দিয়েছে এবং আদিবাসীদের হত্যা করেছে।" 'সেনাবাহিনি বেলা ১২টায় আদিবাসীদের বাড়ি পোড়ানো শুরু করে' উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, "লক্ষ্মী বিজয় চাকমা ও লিটন চাকমাসহ অন্তত তিনজন গুলিতে ঘটনাস্থলে নিহত হয়েছেন।" সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৌদ্ধমন্দির পুড়িয়ে দেওয়ার পর থেকে পূর্ণবাস ভিক্ষু নামে একজন নিখোঁজ রয়েছেন। ভূমি নিয়ে বিরোধের জের ধরে রাঙামাটির শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে ভারতের সীমান্তবর্তী বাঘাইছড়ির কয়েকটি এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অন্তত ৫০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যার অধিকাংশই পাহাড়িদের। পাহাড়ি-বাঙালি সংঘাতের পরিপ্রেক্ষিতে বাঘাইছড়িতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী সোমবার রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে পাহাড়ি সংগঠন জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিললস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ভূমি নিয়ে বিরোধে গত জানুয়ারি মাসের শেষ ভাগে বাঘাইছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনায় বেশ কয়েকদিন পাহাড়ি ও বাঙালিরা পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচিও পালন করে। পাকিস্তান ও বাংলাদেশ আমলে বিভিন্ন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের পুনর্বাসন করা হয়, যা নিয়ে পাহাড়িরা আপত্তি জানিয়ে আসছিলো। এক পর্যায়ে শান্তি বাহিনী গঠন করে সশস্ত্র সংগ্রামের পথও বেছে নেয় পাহাড়িরা। সমস্যার সমাধানে বিগত আওয়ামী লীগ সরকার আমলে পার্বত্য শান্তি চুক্তির পর তারা অস্ত্র ত্যাগ করে। ভূমি বিরোধ নিয়ে গত একমাস ধরে বাঘাইছড়িগতে পাহাড়ি-বাঙালি উত্তেজনা চলছিলো। এর মধ্যেই শুক্রবার রাতে বাঙালি ছাত্র পরিষদের একটি মিছিলের সময় বাঘাইছড়ি বাজারে এক পাহাড়িকে মারধর করা হয়। স্থানীয় সাংবাদিকরা জানান, এরপর রাত সাড়ে ১০টার দিকে পাহাড়িরাও জোট বেঁধে বাঙালিদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। ওই সময় আগুন ধরিয়ে দেওয়া হয় গঙ্গারামমুখ ও এসএসএফ পাড়া এলাকায় ৩২টি ঘরে, যার বেশিরভাগই পাহাড়িদের। শনিবার সকালে দুই পক্ষের মধ্যে আবার সংঘাত বাঁধলে হাজাছড়া, গুচ্ছগ্রাম, বালুঘাট, সীমানাছড়া, বাইপাইছড়া, সুরঙনালা, কেরেককাবা এলাকায়ও অন্তত ২০টি ঘরে আগুন দেওয়া হয়। শান্তিচুক্তির পক্ষের জনসংহতি সমিতির সিনিয়র সহ-সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য উষাতন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনাবাহিনীর গুলিতে পাঁচ পাহাড়ি মারা গেছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, তিনিও পাঁচজন নিহত হওয়ার কথা শুনেছেন। রাঙামাটির সেনা কর্মকর্তারা দাবি করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে পৌঁছলে একদল পাহাড়ি সন্ত্রাসী তাদের লক্ষ করে গুলি ছোড়ে। বসতি স্থাপনকারী বাঙালিরা বলেছে, পাহাড়িরা তাদের দিকে গুলি চালিয়েছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মো. ইয়াকুব বলেন, পাহাড়িদের গুলিতে দুজন সেনা কর্মকর্তা আহতও হয়েছেন। স্থানীয় সাংবাদিকরা জানান, আহতদের মধ্যে সুশীল চাকমা, ভারত্যা চাকমা, স্মরণিকা চাকমা (৪৫), মৃত্যুঞ্জয় চাকমা, বিজামা চাকমা, রেখা দেবী চাকমা, সেনাবাহিনীর সার্জেন্ট মো. রেজাউল করিম ও মো. আবুল কাশেম রয়েছেন। আহতদের পার্শ্ববর্তী খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সেনা সদস্য রেজাউলকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এদিকে শুক্রবার সংঘর্ষের পর থেকে দীঘিনালা থেকে বাঘাইছড়ি-সাজেক রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হুমায়ূন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বাঙালি ছাত্র পরিষদ ও পাহাড়ি ছাত্র পরিষদ দুই সংগঠনই দুপুরে বাঘাইহাট উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ডাকে। তবে ১৪৪ ধারা জারি করায় সে কর্মসূচি পণ্ড হয়ে যায়। বাঘাইছড়ির ঘটনায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। ছাত্র পরিষদের নেতারা ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করে বলেছেন, ভূমি দখলের জন্য পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন কায়েম করা হয়েছে। সমাবেশ বক্তব্য রাখেন- সংগঠনের ঢাকা শাখার সভাপতি সুমেন চাকমা, সাধারণ সম্পাদক থুইক্যচিং মারমা প্রমুখ। শান্তিচুক্তিবিরোধী পার্বত্য ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বিকালে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করেছে। সংগঠনের নেতা নিরণ চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ফেব্র"য়ারি জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ২২ ফেব্রয়ারি খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/২১২২ ঘ.