ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদীতে শনিবার বিকালে কার্গোশিপের ধাক্কায় নৌকা ডুবে নাইমুল্লাহ সামি (১৮) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।
বিকাল ৫টার দিকে মিটফোর্ড ঘাট থেকে নদীর অপর তীরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সামির সন্ধানে নদীতে ডুবুরি নামানো হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।"
সামির বন্ধু মামুন সাংবাদিকদের জানান, নৌকাটি ডুবে গেলে তারা সবাই সাঁতরে পাড়ে উঠে গেলেও সামিকে আর খুঁজে পাওয়া যায়নি।
সামি সাঁতার জানতো না। ভাইয়ের বিয়ের দাওয়াত দিতে সে তিন বন্ধুকে নিয়ে কেরানীগঞ্জ যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এএল/এজে/এমআই/২০০০ ঘ.
bdnews24