২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে 'শিক্ষা' নিতে বললেন মোশাররফ

বিএনপিকে 'শিক্ষা' না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজে দলের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 01:17 PM

Updated : 24 Aug 2022, 06:57 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে 'শিক্ষা' না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজে দলের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নামবদল নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ আহবান জানান। খন্দকার মোশাররফ বলেন, ''আমাদের শিক্ষা দিতে প্রধানমন্ত্রী নাম বদল করেছেন বলে জানিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীকে বিনয়ের সঙ্গে বলছি, আমাদের নয়, আপনি আওয়ামী লীগের অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করুন। নইলে ভবিষ্যতেও আপনাদের জনগন প্রত্যাখান করবে, শিক্ষা দেবে।'' বিএনপির উদ্যোগে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়। জিয়াউর রহমানকে আওয়ামী লীগ 'ভয় পেয়ে' বিভিন্ন স্থাপনার নাম বদল করছে বলে দাবি করেন মোশাররফ। তিনি বলেন, "জনগনের দৃষ্টি আন্দোলনের থেকে সরিয়ে নিতে সরকার এভাবে নাম বদলের রাজনীতিতে নেমেছে।'' শুক্রবার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের নাম পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, ''শিক্ষা দিতেই নাম বদল করা হয়েছে।" আলোচনার শুরুতে ভাষা আন্দোলনে নিহত ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে এক মিনিট নিরবতা পালন করে। মোশাররফ বলেন, ''আপনার বাবা যখন সরকারের ছিলেন, রক্ষীবাহিনী দিয়ে ভিন্ন মতের মুক্তিযোদ্ধাদের হত্যা করে শিক্ষা দিয়েছিলেন। লালবাহিনী সৃষ্টি করেছিলেন। কালো আইন করে যখন বিরুদ্ধ মতকে রুখতে পারেননি, তখন একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। জনগন তার শিক্ষা আওয়ামী লীগকে দিয়েছে।'' অনুষ্ঠান পরিচালনা করেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। দলের সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সাংবাদিক সাদেক খান, আর্ন্তজাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাহবুব উল্লাহ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব র্মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দপ্তর সম্পাদক মো. রুহুল কবীর রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, মহিলা দলের মহানগর সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯০৫ ঘ.