২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানার সামনে গুলি করে চার লাখ টাকা ছিনতাই

রাজধানীর আদাবর থানার সামনে দু'জনকে গুলি করে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 12:18 PM

Updated : 24 Aug 2022, 06:57 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবর থানার সামনে দু'জনকে গুলি করে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে শনিবার। দুজনের মধ্যে গুলিবিদ্ধ মনসুর রহমান রুদ্র (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গী টিটু অক্ষত আছেন। দুপুর পৌনে ৩টার দিকে শ্যামলী রিং রোডে আদাবর থানার সামনের একটি দোকান থেকে বেরিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন তারা। তারা শাহ সিমেন্টের পরিবেশক মেসার্স জনি ট্রেডিং কর্পোরেশনের বিক্রয় প্রতিনিধি। তারা বিভিন্ন দোকান থেকে বিক্রির টাকা সংগ্রহ করছিলেন। জনি ট্রেডিঙের কর্মকর্তা আনোয়ার হোসেন দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানার সামনে রাকিব এন্টারপ্রাইজ নামের একটি দোকান থেকে বেরিয়ে মটরসাইকেলে ওঠার সময় তিনটি মটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা পায়ের সামনে গুলি করে হাতের ব্যাগ চায়। মনসুর ও টিটু দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে তারা মনসুরকে গুলি করে। ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে দ্রুত শ্যামলীর দিকে চলে যায়। ব্যাগটিতে বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করা প্রায় চার লাখ টাকা ছিল।" তিনি জানান, মনসুরের নিতম্বে, উরুতে ও থুতনিতে গুলি লেগেছে। আদাবর থানার উপ-পরিদর্শক রওশন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ছিনতাইকারীরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে বিভিন্ন চেকপোস্টে নির্দেশনা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৮০৮ ঘ.