ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর মাত্র কয়েক ঘণ্টা পরই শহীদ মিনারে জড়ো হতে শুরু করবে বাংলাদেশে মানুষ। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করবে ১৯৫২ সালের ভাষা-শহীদদের।
শ্রদ্ধা জানানোর সেই মুহূর্তটি আসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে। নানা রঙের আলপনা এঁকে মিনার-প্রাঙ্গণ সুসজ্জিত করা তুলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
রাতদিন টানা কাজ করে বাঙালির হাজার বছরের ঐতিহ্য-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন তারা। কাজ করছেন বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থীও।
শনিবার দুপুরে শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, শহীদ মিনারের উত্তর পাশের রাস্তায় আলপনা আঁকা হচ্ছে। কেউ রঙ মিশাচ্ছেন, কেউ আলপনার পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছেন, কেউ সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে ব্যস্ত। রাস্তা সংলগ্ন দেয়ালে চলছে মনীষীদের বাণী লেখার কাজ। কাজ সমন্বয় করছেন চারুকলা অনুষদের কয়েকজন শিক্ষক।
চারুকলার শিক্ষার্থী খন্দকার জামিল ইকবাল জানান, ১৮ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে আলপনা আঁকার কাজ শুরু হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে শেষ হবে।
গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাজার বছর ধরে চলে আসা বাংলাদেশের ঐতিহ্যের আলোকে বিভিন্ন আলপনা তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে।"
আলপনা সমৃদ্ধ শহীধ মিনার ভাষা দিবসে ভিন্ন মাত্রা এনে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
চারুকলার পেইন্টিং বিভাগের সাবেক শিক্ষার্থী মাসুম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর ও পলাশী মোড়ে চার ভাষা শহীদ সালাম, বরকত, রফিক ও জব্বারের নামে চারটি তোরণ তৈরি করা হয়েছে।"
শহীদ মিনার থেকে উত্তর দিকে টিএসসি এবং পূর্বে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায়ও আলপনা আঁকার কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/আরএ/পিডি/১৭৪৭ ঘ.
bdnews24