মেহেরপুর, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিলে মাছ ধরাকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৪ জন।
সংঘর্ষের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির দুই সমর্থকের বাড়িতে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহারবাতি ইউনিয়নের মাইলমারী এলাকার পদ্ম বিলে মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি ছগির মিঞা।
নিহত সেন্টু মিয়া (৩৫) বিএনপির কর্মী।
স্থানীয়রা জানায়, শাহারবাতি ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আলী ও আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নবির উদ্দীনের মধ্যে বিল নিয়ে বিরোধ চলছিল।
ওসি ছগির মিঞা জানান, মাইলমারী পদ্ম বিল নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। শনিবার সকালে দুই পক্ষের তিন শতাধিক লোক মাছ ধরতে গেলে সংঘর্ষ বেধে যায়।
আহতদের মধ্যে- আজমাইন (৩৬), জাহারুল (৪৫), আমিরুল (৫৫) ও সেন্টুকে (৩৫) গাংনী, মেহেরপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি সমর্থক আরশেদ আলী ও আতিয়ার রহমানের বাড়ি ভাংচুর, লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয়। মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
তিনি জানান, পুলিশ টহল জোরদার করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৫ ঘ.
bdnews24