মাদারীপুর, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে শনিবার সকাল ১০টা থেকে থেকে বেলা ১টা পর্যন্ত মাদারীপুর জেলা শহরের একাংশের সব দোকানপাট বন্ধ ছিলো।
শহরের বাদামতলা সিনেমা হলের সামনের পানাহার রেস্তোরাঁর মালিক কৃষ্ণ দত্তকে (৪৫) কুপিয়ে জখম করার ঘটনায় জেলা বণিক সমিতি ধর্মঘটের এ কর্মসূচি দেয়।
পরে পুলিশ প্রশাসনের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নেয় তারা।
মাদারীপুর বণিক সমিতির সহ-সভাপতি সিরাজ বেপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০ হাজার টাকা চাঁদার দাবিতে মাদক বিক্রেতা রাসেল হোসেন ব্যবসায়ী কৃষ্ণ দত্তকে কুপিয়েছে।"
কৃষ্ণ দত্তের স্ত্রী কল্পনা দত্ত সাংবাদিকদের বলেন, তার স্বামীকে সকাল ১০টার দিকে কুপিয়ে জখম করেই রাসেল পালিয়ে যায়।
"আমার স্বামীকে যারা কুপিয়েছে, আমি তাদের বিচার চাই", বলেন তিনি।
আহত কৃষ্ণ দত্তকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত রাসেল জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়ার খালাতো ভাই।
মিলন সাংবাদিকদের বলেন, "সে (মিলন) কোনো অন্যায় করলে আমি তার বিচার করবো।"
মাদারীপুর সদর থানার ওসি মো. কাইয়ুম সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঘটনাটি শুনেছি, ফোর্স গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
তিনি বলেন, কেউ অপরাধ করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.
bdnews24