চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ এ এম মহিউদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার মোহাইমেনকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ শুক্রবার দুপুরে তাকে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করেন। বিচারক আবদুর রশিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইতোমধ্যে মামলাটির তদন্তভার সিআইডিতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
চবি'র ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও মহিউদ্দিন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মোহাইমেনুল ইসলামকে পুলিশ গত রোববার নগরীর ফিরিঙ্গীবাজার থেকে গ্রেপ্তার করে। সোমবার পাঁচ দিনের হেফাজতে নেয়।
গত ১১ ফেব্র"য়ারি রাতে নগরীর ষোলশহর রেল স্টেশনে কয়েকজন যুবক মহিউদ্দিনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। এ ঘটনায় মহিউদ্দিনের বাবা বাদী হয়ে জিআরপি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাইমেন পাঁচ দিনের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তে কাজে দেবে। তার তথ্যগুলো যাচাই করে দেখা হচ্ছে।
তিনি বলেন, মামলার তদন্তভার সিআইডিতে স্থানান্তরের নির্দেশ দেওয়ায় তাকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।
এ ছাড়া এখনো মামলাটির নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০১০ ঘ.
bdnews24