গাজীপুর, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। এতে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় হামলার সময় ছাত্র আন্দোলনের গাজীপুর শাখা কর্মী সম্মেলনস্থলে ভাংচুরও করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। কেউ আটকও হয়নি।
জেলা ছাত্রলীগ সভাপতি মো. আনিছুর রহমান আরিফ বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কটুক্তি করায় ছাত্রলীগ কর্মীরা প্রতিবাদ করেছে মাত্র।
আহতদের মধ্যে রয়েছেন- সংগঠনের টঙ্গী থানা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সদর থানার সদস্য কাওছার হোসেন, মো.শহিদুল্যাহ, মোবারক হোসেন, মো. আলমাছ আলী, মো. আব্দুল্লাহ, মাহবুবুল আলম ও ইমতিয়াজ আলম।
তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন বলেন, বিকাল ৩টার দিকে শহরের জয়দেবপুর মুক্তমঞ্চে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গাজীপুর শাখার কর্মী সম্মেলন শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।
এরপর সাড়ে ৬টার দিকে একটি মিছিল বের করলে ছাত্রলীগের স্লোগান দিয়ে কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালায়।
হামলাকারীরা মুক্তমঞ্চে ছাত্র আন্দোলনের সভার চেয়ার ভাংচুর করে ও ব্যানার ছিঁড়ে ফেলে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কটুক্তি করা হয়নি। বর্তমান সরকারের শিক্ষানীতির সমালোচনা করা হয়েছে সম্মেলনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24