২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আগামী নির্বাচনে জামায়াত ঠেকাতে ব্যবস্থা নিন'

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামির অংশগ্রহণ ঠেকানোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 02:47 PM

Updated : 24 Aug 2022, 06:55 PM

কিশোরগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে জামায়াতে ইসলামির অংশগ্রহণ ঠেকানোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ফোরাম কিশোরগঞ্জ জেলা সমন্বয় কমিটির অভিষেক ও আলোচনা সভায় এ দাবি জানান ফোরামের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ। তিনি বলেন, "জামায়াত নিজেদের স্বার্থে যা ইচ্ছে তাই করতে পারে। ধর্মকে ত্যাগ করে নির্বাচন কমিশনে দল নিবন্ধন করেছে। এখন তা অস্বীকার করে আবার স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড চালাচ্ছে।" যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা তীব্র জনমতে জামায়াত-শিবির ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "এখন জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে নিজামীর সুষ্পষ্ট ইঙ্গিতে রাজশাহী-চট্টগ্রাম-সিলেটসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিবির হত্যা-নির্যাতনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।" সেক্টর কমান্ডার'স ফোরামের জেলা সমন্বয়কারী ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. আসাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) এম মাসুদুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম, জেলা বিএমএ'র সভাপতি ও সিভিল সার্জন ডা. দীন মোহাম্মদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৩৩ ঘ.