ফরিদপুর, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদরের নীলটুলী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
আরিফ খান (২৮) নামের এই জেএমবি সদস্য ২০০৫ সালে ১৭ আগস্ট ফরিদপুরে বোমা হামলা মামলার আসামি।
ওই সময় জেএমবি সারা দেশে এক যোগে বোমা হামলা চালায়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আ স ম শামসুর রহমান ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলটুলী এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় বলে তিনি জানান।
ফরিদপুর কোতয়ালি থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, বোমা হামলার অভিযোগপত্রে আরিফ খানের নাম আছে। একই থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিস্ফোরক আইনেও দু'টি মামলা রয়েছে।
তাকে শনিবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৫ ঘ.
bdnews24