ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম)- চারদলীয় জোট সরকারের 'সংকীর্ণতা ও প্রতিহিংসার' কারণে আর্ন্তজাতিক মাতৃভাষা ইন্সটিটিউট উদ্বোধনে নয় বছর দেরি হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন।
২১ ফেব্রুয়ারি রোববার উদ্বোধন হচ্ছে এ ইন্সটিটিউট।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, "চারদলীয় জোট সরকারের প্রতিহিংসা কারণে ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় নয় বছর পর আগামী ২১ ফেব্রুয়ারি উদ্বোধন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।''
ইন্সটিটিউটটি তৈরি হয়েছে রাজধানীর সেগুনবাগিচায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোববার বিকেল ৪টায় এ ইনস্টিটিউটের উদ্বোধন করার কথা।
২০০১ সালের ১৫ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনামের উপস্থিতিতে ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক দশমিক তিন একর জমিতে নির্মিত ভবনটির প্রকল্প শুরু হয় ২০০১ সালে এপ্রিল মাসে।
জোট সরকার ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর নির্মাণ কাজ বন্ধ করে দেয় বলে জানান শিক্ষামন্ত্রী।
প্রতিষ্ঠানটি নির্মাণে একটি প্রকল্পের আওতায় প্রাক্কলিত মোট ব্যয় ধরা হয় ১৯ কোটি ৪৯ লাখ। প্রথম পর্যায়ে ভবনটি ১২ তলা ভিতের ওপর পাঁচতলা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রী জানান, নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় আপাতত তিনতলা পর্যন্ত নির্মাণ হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৭ কোটি টাকা।
ভবনটিতে ভাষা জাদুঘর, আর্কাইভ, তিনশ ৭৫ আসনের মিলনায়তন প্রভৃতি থাকবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ''ইনস্টিটিউটের জন্য খসড়া আইন প্রণয়ন শেষে তা মতামত চেয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া ১৮০ জন লোকবল কাঠামো তৈরি এবং প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প প্রস্তাব প্রণয়নের কাজ চলছে।''
বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম/এআরআর/পিডি/১৯২২ ঘ.
bdnews24