২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বাড়ি ফেরার ২৪ ঘণ্টা না পেরোতেই সাভারে ইতালি প্রবাসী এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 01:19 PM

Updated : 24 Aug 2022, 06:55 PM

সাভার, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাড়ি ফেরার ২৪ ঘণ্টা না পেরোতেই সাভারে ইতালি প্রবাসী এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে দুজন। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের নিকরাইল গ্রামে আব্বাস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুরে পরিবার পরিজন নিয়ে ইতালি থেকে বাড়ি ফেরেন তিনি। ডাকাতি শেষে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে এলাকা ত্যাগ করে বলে স্থানীয়রা জানান। আব্বাস উদ্দিনের বাবা আনদেশ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে ২০/২৫ জনের সশস্ত্র ডাকাত দল মুখোশ পরে বাড়িতে ঢোকে। তারা প্রধান ফটকের তালা কেটে তিনতলা বাড়িতে ঢুকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রতিটি কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুটে নেয়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তার মেয়ে সাবিহা খাতুন ও আবেদা বেগম আহত হয়েছেন। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দাবি, এ সময় নগদ সাড়ে তিন লাখ টাকা, তিন হাজার ইউরো, ৭০ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ ২৫ লক্ষাধিক টাকার মাল লুট হয়। প্রতিবেশী আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরপর ৩/৪টি বোমা ফাটার শব্দ পেয়ে বাইরে এসে ডাকাতির কথা জানতে পারেন। পরে এলাকাবাসী ডাকাতদের পিছনে ধাওয়া করলে তারা তুরাগ নদী পার হয়ে চলে যায়। সাভার থানার ওসি নাসির উল্যাহ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ডাকাতদের সনাক্ত করতে তদন্তে নেমেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯০৬ ঘ.