চাঁদপুর, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে দেড় লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ জাল (কারেন্ট জাল নাম পরিচিত) শুক্রবার উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড।
এছাড়া নৌকাভর্তি চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে।
তবে এ দুটি ঘটনায় কেউ আটক হয়নি বলে জানিয়েছেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাইফুর রহমান।
তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলার চরলগ্নিমারা এলাকায় মেঘনা নদী থেকে দেড় লাখ মিটার কারেন্ট জাল আটক করা হয়।
এসব জাল শনিবার সকালে শহরের ডাকাতিয়া নদী তীরে পুড়িয়ে ফেলা হবে।
বিকালে চাঁদপুরের মেঘনা নদী দিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে নিয়ে যাওয়ার সময় কাঠ আটক করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা জানান, নৌকার লোকজন কাঠের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কাঠগুলো সুন্দরবন থেকে চাঁদপুরের মেঘনা নদী দিয়ে ঢাকায় পাচার করা হচ্ছিল।
নৌকায় কি পরিমাণ কাঠ রয়েছে তা এখনো নির্ণয় করা হয়নি। বিষয়টি জেলা বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৫ ঘ.
bdnews24