ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপায় বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
পুলিশ বলছে, চরমপন্থী দলের অন্তর্কোন্দলে ওই দুজন খুন হয়েছেন।
নিহতরা হলেন-শৈলকুপার মাইলমারি গ্রামের শরিফুল ইসলাম (৪০) এবং হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের মাসুদ সরদার (৩০)। দুজনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে কুমার নদী তীরে শুক্রবার সকালে লাশ দুটি পাওয়া যায়।
শরিফুল অস্ত্র মামলায় ১৪ বছর জেল খেটে প্রায় এক বছর আগে ছাড়া পায়। মাসুদ নসিমন চালাতেন। শরিফুলের মেয়ের সঙ্গে মাসুদের ভাই শাহিনের বিয়ে হয়।
মাসুদদের বাড়ি রঘুনাথপুরে বৃহস্পতিবার বেড়াতে যান শরিফুল। দুপুরের পর মাসুদকে নিয়ে তিনি বেড়াতে বের হয়েছিলেন। এরপর তাদের আর খোঁজ মিলছিলো না।
হত্যার কারণ সম্পর্কে পুলিশ সুপার রেজাউল বলেন, "শরিফুল ছাড়া পেয়ে নতুন করে দল গঠন করে চাঁদাবাজি করছিলো। প্রতিপক্ষ গণমুক্তি ফৌজের সদস্যরা তাকে হত্যা করতে পারে। আবার অন্য দল গণবাহিনীর সঙ্গেও তার বিরোধ চলছিলো। তারাও হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।"
শৈলকূপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, শরিফুল এক সময় বিপ্লবী কমিউনিস্ট পার্টি করতেন। এ দলটি ২০০৩ সালে গণবাহিনীর পাঁচ সদস্যকে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫১ ঘ.
bdnews24