রাজবাড়ী, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলায় শুক্রবার প্রথম প্রহরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক 'চরমপন্থী' নিহত হয়েছে।
নিহত সামাদ মোল্লা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) নেতা বলে র্যাব জানায়।
র্যাবের রাজবাড়ী ক্যাম্পের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, সদর উপজেলার লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পদ্মা নদীর বেড়িবাঁধ এলাকায় বন্দুকযুদ্ধে সামাদ নিহত হয়।
তিনি বলেন, "বেড়িবাঁধ এলাকায় চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে রাত ১টার দিকে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। বৈঠকরতদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা সে আহ্বান উপেক্ষা করে গুলি ছোড়ে। তখন র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।"
প্রায় ১০ মিনিট গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে সামাদকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বলে র্যাব কর্মকর্তা আমজাদ জানান। সামাদকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়। বন্দুকযুদ্ধের সময় র্যাবের কনস্টেবল কামালউদ্দিন আহত হয় বলে জানান র্যাব কর্মকর্তা আমজাদ হোসেন।
নিহত সামাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বনগ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.
bdnews24