২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপিডিএফ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ

বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর জেলা আহ্বায়কে গুলি করা হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 04:38 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

বান্দরবান, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর জেলা আহ্বায়কে গুলি করা হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পার্বত্য শান্তিচুক্তির বিরোধী ইউপিডিএফ'র এই নেতা এ ঘটনার জন্য পার্বত্য জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ইউপিডিএফ নেতা ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে দুর্বৃত্তরা প্রকাশ্যে পিস্তল দিয়ে তাকে গুলি করে হত্যার চেষ্টা করে। তবে গুলি বের না হওয়ায় তিনি বেঁচে যান বলে স্থানীয়রা জানায়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করে ছোখকালা চাকমা (২৯) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। প্রত্যক্ষদর্শী বালাঘাটা বাজারের ব্যবসায়ী মো. পারভেজ সাংবাদিকদের জানান, ছোটন কান্তিতঞ্চঙ্গ্যা বালাঘাটা বাজারের রাজধানী রেস্টুরেন্টে বসে নাস্তা করছিলেন। এসময় এক ব্যক্তি হঠাৎ সামনে দাঁড়িয়ে পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু গুলি বের হয়নি। তিনি জানান, ঘটনা দেখে রেস্টুরেন্টে থাকা লোকজন অস্ত্রধারীদের ধাওয়া করে। একজন পালিয়ে গেলেও ছোখকালা চাকমা ধরা পড়েন। লোকজন তাকে মারধর করে পুলিশে খবর দেয়। ঘটনার সন্ত্রস্ত ছোটন জ্ঞান হারালে তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। বান্দরবান সদর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেফতারকৃত ছোখকালা চাকমার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ছোখকালা নিজেকে কোনো রাজনৈতিক দলের সদস্য বলে স্বীকার করেননি। তার বাড়ি রাঙামাটির মন্দিরপাড়া এলাকায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা হয়েছে বলে এএসআই জানান। ইউপিডিএফ নেতা ছোটন কান্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্রধারী জনসংহতি সমিতির। তাকে হত্যার জন্যই গুলি করা হয়েছিল। ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে শান্তিচুক্তির বিরোধিতা করে জনসংহতি সমিতির এই অংশটি পৃথক হয়ে ইউপিডিএফ গঠন করে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলটি শান্তিচুক্তি বাতিল করে স্বায়ত্বশাসন দাবি করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৪ ঘ.