ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার পরদিন বৃহস্পতিবার পঞ্চগড়ের বোদাপাড়া সীমান্তের ওপার থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার বোদাপাড়ার সীমান্তের ওপার থেকে উদ্ধার করা লাশটি আনোয়ার হোসেন নামের বাংলাদেশি এক ব্যক্তির বলে স্থানীয় জনপ্রতিনিধি সনাক্ত করেছেন।
স্থানীয়দের ধারণা, বিএসএফ বা ভারতীয়রা এই বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে। তার বাড়ি বোদাপাড়া গ্রামে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর এলাকায় বিএসএফ'র হাতে দুই বাংলাদেশির নির্যাতিত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন- গোলাম হোসেন (৩৫) ও নূর ইসলাম মধু (২৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: ২৫ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসিবুল হোসেন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোদাপাড়া এলাকার ভারতীয় সীমান্তের ৭০-৮০ গজ ভেতরে একটি মৃতদেহ পড়ে ছিল। পরে এলাকার লোকজন ও স্থানীয় চেয়ারম্যান মৃতদেহটি আনোয়ার হোসেনের বলে সনাক্ত করেন।
তিনি জানান, দুপুরে বোদাপাড়া এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহত আনোয়ারের লাশ বিডিআরের কাছে হস্তান্তর করে।
বিডিআর কর্মকর্তা বলেন, আনোয়ার হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে গ্রামবাসীরা জানিয়েছে। গত তিনদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
সাতক্ষীরা: সদর হাসপাতালে চিকিৎসাধীন গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার গোলাম হোসেন কয়েকজনের সঙ্গে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার হঠাৎগঞ্জের হাটে গরু কিনতে যান।
বৃহস্পতিবার ভোরের দিকে তারা ছয়টি গরু নিয়ে ফেরার সময় হাকিমপুর বাজারের কাছে পৌঁছালে বিএসএফ তাকে ধরে ফেলে।
তিনি বলেন, বিএসএফ জওয়ানরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাত কেটে নিয়ে তাকে হাকিমপুর সীমান্তের সোনাই নদী দিয়ে বাংলাদেশে পার করে দেয়। সীমান্ত এলাকার লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে চিকিৎসাধীন কালীগঞ্জের নূর ইসলাম মধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার সন্ধ্যায় তিনিসহ কয়েকজন বাঁশঝাড়িয়া সীমান্তের কালিন্দি নদী পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থানার বোলতলায় গরু আনতে যান।
বুধবার ভোরে ভারতের সিএসখালি সীমান্তের কালিন্দি নদী পেরিয়ে চারটি গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ সদস্যরা তার উপর স্পিড বোট তুলে দেয়। বোটের পাখার আঘাতে তিনি মারাত্মক আহত হন।
নূর ইসলাম জানান, আহত অবস্থায় নদী থেকে বিএসএফ তাকে বোটে তুলে অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে বিএসএফ মৃত ভেবে তাকে বাঁশঝাড়িয়া চরে ফেলে রেখে চলে যায়। একটি মাছ ধরা নৌকা তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করে।
এ ব্যাপারে ৪১ রাইফেলস্ ব্যাটালিয়নের অপারেশন অফিসার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বিষয়টি জানেন না। এ ব্যাপারে খোঁজ খবর নেবেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২২৪ ঘ.
bdnews24