২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অব্যবস্থা দূর করতে কঠোর ব্যবস্থা: প্রধান বিচারপতি

আদালতের অব্যবস্থা দূর করতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেবেন বলে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়েছেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 04:17 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের অব্যবস্থা দূর করতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেবেন বলে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়েছেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর চট্টগ্রাম সমিতির দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, "আমি বিভিন্ন শাখার মধ্যে শৃংখলা ফিরিয়ে আনতে চেষ্টা করছি। তাদের সবাইকে ডেকে আমি সব কিছু ঠিক করার অনুরোধ করেছি। কিন্তু অনুরোধে কাজ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাগজ পাঠাবো।" বিভিন্ন অব্যবস্থাপনা তুলে ধরে প্রধান বিচারপতি আরো বলেন, "বিচারপতিরা ফাইল চাচ্ছেন, কিন্তু পাওয়া যাচ্ছে না। তথ্য প্রযুক্তির যুগে এটা অচল। অধুনিক যুগে এটা চলতে পারে না। এই নিয়ম বদলাতে হবে।" এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "আমি কোনো কাজে কখানো ব্যর্থ হয়নি। বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য পালনেও ব্যর্থ হবো না। আপনারা আগামী দুই সপ্তাহ পর সুপ্রিম কোর্টের আঙ্গিনায় গিয়ে দেখতে পারবেন অনেক কিছু পরিবর্তন হয়েছে।" ফজলুল করিম আরো বলেন, "আমার স্টাফদের ঠিকমত কাজ করতে দিন। নিজের স্বার্থে এমন কিছু করবেন না যাতে দেশ ও জনগণের ক্ষতি হয়। সভ্য জাতি হিসেবে পরিচয় দিতে হলে, আমাদের মানসিকতার পরির্বতন করতে হবে।" সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নিজের শৈশব, কৈশর এবং যৌবনের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে এক পর্যায়ে কান্না বিজড়িত কন্ঠে প্রধান বিচারপতি বলেন, "অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ আমি এ অবস্থানে এসেছি। আপনাদের মাঝে এসে মনে হচ্ছে আমি মায়ের কোলে ফিরে এসেছি।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম, সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু সালেহ ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোবারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/২২০৭ ঘ.