২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ১০ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

একাত্তরে পাঁচ মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১০ 'রাজাকার'র বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 02:49 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

সাতক্ষীরা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে পাঁচ মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১০ 'রাজাকার'র বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফোকড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মুন্সী ফায়েকুজ্জামান। হাকিম এস এম মাসুদুজ্জামান মামলাটি আমলে নিয়ে কলারোয়া থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- ওমর আলী, আবু তালেব, মো. রাজা উল্লাহ, মেহের আলী, জমির আলী, ইয়াদ আলী, সামসুজ্জামান হামিদী, আব্দুর রহিম, নূর ইসলাম ও আবু বক্কর। বাদি অভিযোগ করেন, তিনিসহ ২৩ মুক্তিযোদ্ধা ভারতে প্রশিক্ষণ শেষে সাতক্ষীরার কলারোয়ায় আসেন। এদের মধ্যে তার ভাই মুন্সী সাহেব আলী, মো. মহসিন, সুভাষ চন্দ্র, শিশির কুমার ও মনোরঞ্জন কুমার ১৯৭১ এর ১৭ মে দুপুরে কলারোয়া বাজারে একটি হোটেলে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় কলারোয়া উপজেলার হামিদপুর গ্রামের সামসুজ্জামান হামিদী ও জালালাবাদ গ্রামের ইয়াকুব আলীর নেতৃত্বে ১০ 'রাজাকার' তাদের আটক করে কলারোয়া ফুটবল মাঠের পাশে নিয়ে যায়। পরে তাদের গুলি করে এবং বেয়নেট দিয়ে আঘাত করে। এতে চারজন মারা যান। আহত মনোরঞ্জন কুমারসহ পাঁচ জনকে মাটি চাপা দেওয়া হয়। কলারোয়া থানার ওসি ইনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা দায়েরের বিষয়টি শুনেছি। তবে এ সংক্রান্ত কাগজপত্র এখনো হাতে এসে পৌঁছায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৪৬ ঘ.