রাজশাহী, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার করা মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদকে পাঁচদিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।
একইসঙ্গে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারেক সাইফুল্লাহকেও পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে তাদের রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ১০দিন জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায় মতিহার থানা পুলিশ।
বুধবার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আবুল কালাম আজাদ ও তারেককে গ্রেপ্তার করে।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ (বৃহস্পতিবার) রাত থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে ১৬ ফেব্র"য়ারি রাবির সিন্ডিকেট সদস্য বিনোদপুর কলেজের অধ্যক্ষ সিদ্দিক হোসেনকে একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন পাঁচদিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
গত ১১ ফেব্র"য়ারি রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকেও গ্রেপ্তার করা হয়। তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে রাজশাহীর বিভিন্ন স্থান থেকে আরো ছয়জনকে আটক করেছে পুলিশ।
মতিহার থানার ওসি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ২০৬ নম্বর কক্ষ থেকে শিবিরকর্মী সিদ্দিকুর রহমান এবং ২০৮ নম্বর কক্ষ থেকে আশরাফুল ইসলামকে আটক করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
চারঘাট উপজেলা থেকে গাফ্ফার হোসেন, রেজাউল করিম, রুবেল ও শাহিন আলমকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি হামিদুর রশিদ।
তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা শিবিরকর্মী কিনা তা নিশ্চিত হওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
৮ ফেব্র"য়ারি রাতভর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে নিহত হন ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন। পুলিশ বলেছে, শিবিরের হামলায় তিনি মারা যান।
এ ঘটনার পর সারাদেশে চিরুণী অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছিলেন।
এরপর রাজশাহীতে প্রায় একশ' জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.
bdnews24