২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে রেজ্জাকুল আবার কারাগারে

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 01:38 PM

Updated : 24 Aug 2022, 06:54 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। পাঁচদিনের জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হকের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তৃতীয় দফায় পাঁচদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি গত শুক্রবার রেজ্জাকুলকে ঢাকায় সিআইডি'র সদরদপ্তরে নিয়ে যায়। বুধবার রাতে তাকে চট্টগ্রামে ফিরিয়ে আনা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জবানবন্দি দিতে রাজি না হওয়ায় এবং রিমান্ডে নেওয়ার আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী বলেন, "জিজ্ঞাসাবাদে তিনি (রেজ্জাকুল) অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেও তদন্তের স্বার্থে তা বলা যাবে না।" ১০ ট্রাক অস্ত্র মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা (আইও) দায়িত্ব নেওয়ার পর গত বছরের ১৫ মে ঢাকার ওল্ড ডিএইচএস এর বাসা থেকে রেজ্জাকুল হায়দারকে গ্রেপ্তার করা হয়। সিআইডি গত ১৭ মে ও ২০ মে দুই দফায় তাকে মোট নয় দিন জিজ্ঞাসাবাদ করে। সর্বশেষ ৮ ফেব্র"য়ারি তাকে রিমান্ডে নেয় সিআইডি। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ। ওই সময় রেজ্জাকুল গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি এনএসআই'র মহাপরিচালক হন। বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জিএনএ/১৯৩৬ ঘ.