২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কারণে 'রিডফার্মা' মামলায় স্থবিরতা

প্যারাসিটামল সিরাপ পানে শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠান রিড ফার্মাসিউটিক্যাল্স এর বিরুদ্ধে মামলা দায়েরের ছয় মাসেও বিচারকাজ শুরু হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 01:36 PM

Updated : 24 Aug 2022, 06:54 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যারাসিটামল সিরাপ পানে শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠান রিড ফার্মাসিউটিক্যাল্স এর বিরুদ্ধে মামলা দায়েরের ছয় মাসেও বিচারকাজ শুরু হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের প্রতিবেদন আদালতে উপস্থাপন না করার কারণে এ দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আদালতের নথিপত্র থেকে জানা যায়, গত ১৯ অক্টোবর থেকে এ পর্যন্ত চারবার ঢাকার ড্রাগ আদালত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার এবং তাদের সম্পত্তি জব্দের প্রতিবেদন দাখিলের তারিখ দেয়। ১৭ ফেব্র"য়ারি ছিল সর্বশেষ ধার্য তারিখ। মামলা সংশ্লিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি এদিনও প্রতিবেদন দাখিল করতে পারেননি। মাহমুদ হোসেন জানান, বিচারক মো.আবদুল মজিদ আগামী ২২ মার্চ আবারো প্রতিবেদন দাখিলের তারিখ দিয়েছেন। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির এ নীরবতা ও আদালতের আদেশ অমান্য করে যা করেছেন তা ঔদ্ধত্য প্রকাশের সামিল। আদালত ওই পুলিশ কর্মকর্তাকে আরো একবার সুযোগ দিয়েছেন।" ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি হামিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এ মুহূর্তে বিষয়টি আমি মনে করতে পারছি না। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো আশাকরি।" গত বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত ওই ওষুধ কম্পানিটির প্যারাসিটামল সিরাপ পানে সারাদেশে ২৮ শিশুর মৃত্যু হয় বলে থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় সে মাসেই ঢাকার ড্রাগ আদালতে রিড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, তার স্ত্রী ও কম্পানিটির প্রথম পরিচালক শিউলি রহমান, দ্বিতীয় পরিচালক আ.গণি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম, এনামুল হকের বিরুদ্ধে ড্রাগ সুপার শফিকুল ইসলাম একটি মামলা করেন। ওই দিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এদের মধ্যে মিজানুর রহমান কারাগারে এবং তার স্ত্রী শিউলি রহমান হাইকোর্টের জামিনে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/প্রতিনিধি/এএল/জিএনএ/১৯৩৩ ঘ.