২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুবাজারে তিন দোকানে দুই লাখ টাকা লুট

রাজধানীর বাবুবাজার চালের আড়তের তিন দোকানের সিন্দুক ভেঙে বৃহস্পতিবার প্রায় দুই লাখ টাকা লুট করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 01:27 PM

Updated : 24 Aug 2022, 06:54 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বাবুবাজার চালের আড়তের তিন দোকানের সিন্দুক ভেঙে বৃহস্পতিবার প্রায় দুই লাখ টাকা লুট করেছে সন্ত্রাসীরা। চালের বাজারকে অস্থিতিশীল করতে এটি পরিকল্পিত ঘটনা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মো. সালউদ্দিন। লুটের ঘটনায় দোকান-মালিকরা থানায় লিখিত অভিযোগ করেননি। শততা এজেন্সী, পবিত্র ভান্ডার এবং জিলানী রাইস ভান্ডার নামের তিনটি চালের দোকানে সন্ত্রাসীরা হামলা চালায়। মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা তিনটার দিকে ২০/২৫ জন সন্ত্রাসী বাবুবাজার কাজী জিয়া উদ্দিন সড়কের শততা এজেন্সীর মালিক হাজী শাহাবুদ্দিন এবং তার ভাই পবিত্র ভান্ডারের মালিক হাজী মহিউদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে। দোকান-মালিকরা মৌখিকভাবে অভিযোগ করেছেন। সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে সিন্দুক, ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে যায় বলে জানান সালাউদ্দিন। তিনি বলেন, ব্যবসায়িরা লিখিতভাবে অভিযোগ করলে মামলা নেওয়া হবে এবং নিয়মানুযায়ী তদন্ত হবে। শততা এজেন্সীর কর্মচারি গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একজন সন্ত্রাসী তার শরীরে অস্ত্র ঠেকিয়ে চুপচাপ থাকতে বলে। পর্যায়ক্রমে আরো কয়েক সন্ত্রাসীরা জড়ো হয়ে দোকান মালিকসহ কর্মচারিদের একটি কক্ষে নিয়ে আটকে রাখে। জিলানী রাইস এজেন্সীর কর্মচারি রহিম জানান, সন্ত্রাসীরা মিনিকেট চাল কেনার নাম করে একে একে আসে। দোকান ভাংচুর করে তারা পায়ে হেঁটে চলে য়ায়। এ ব্যাপারে বাবু বাজার চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের এখানে একটি ঘটনা ঘটেছে তবে পরে জানাবো"। পরে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। লুটের ঘটনটি রহস্যজনক বলে মন্তব্য করে ওসি সালাউদ্দিন বলেন, সেখানে শত শত শ্রমিক কাজ করছে। তাদের সামনে এই ঘটনা যেমন সন্দেহের সৃস্টি করে তেমনি তারা চলে যাওয়ার পরেও কেউ চিৎকার না করায় প্রশ্ন দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯২৭