২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ১০ বছরের এক এতিম শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 11:39 AM

Updated : 24 Aug 2022, 06:54 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ১০ বছরের এক এতিম শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। নিহতের নাম সানজিদা ওরফে সানজু। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জিয়ানগর বালুরমাঠ থেকে বৃহস্পতিবার সকাল ১১টায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "লাশের পেট ও মাথায় ছুরিকাঘাত এবং গলায় আঘাতের চিহ্ন আছে।" এসআই ইসমাইল জানান, তাকে কারা এবং কী কারণে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সানজু ধর্ষণের শিকার হয়েছে কি না তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না। সানজুর খালু সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সানজুর বাবা-মা কেউ বেঁচে নেই। তার এক ভাই মেহেদী ও এক বোন পাপিয়া তাদের সৎ মায়ের কাছে থাকে। সানজু চুনকুটিয়ার বেগুনবাড়িতে নানি হনুফার কাছে থেকে ইসলামপুরে একটি মালা তৈরির কারখানায় কাজ করতো। কাজ শেষে প্রতিদিন রাত ৯টা-১০টার দিকে বাসায় ফিরতো। বুধবার রাতে কাজ শেষে সানজু আর ফেরেনি জানিয়ে সেলিম আহমেদ বলেন, "বৃহস্পতিবার সকালে বস্তাবন্দি একটি লাশ পড়ে আছে খবর পেয়ে আমি আগ্রহবশত বাসার কাছে বালুরমাঠে যেয়ে দেখি লাশটি সানজুর।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৭৩১ ঘ.