মাগুরা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শিশুকে মুক্তিপণের জন্য অপহরণের দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে মাগুরার আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহম্মেদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন- মিজানুর রহমান সোহাগ (২০) ও মজনু শেখ (২৫)। তাদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বিলুনাথপুর গ্রামে।
২০০৪ সালে জেলা শহর থেকে বাঁধন নামে ১৪ বছর বয়সি এক শিশুকে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের দায়ে ওই দুজনকে এ সাজা দেওয়া হয়েছে।
একই মামলায় আলেক রহমান (৫২), আতিয়ার আলি (৪০) ও ইনসার আলী সবুজ (৩০) নামে তিন জনের যাবজ্জীবন সাজা হয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনূর রশিদ সাংবাদিকদের জানান, ২০০৪ সালের ১২ এপ্রিল মাগুরা শহরের কেশব মোড় এলাকা থেকে আসামিরা মো. এহতেশামের ছেলে বাঁধনকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণের প্রায় দু'মাস পর শ্রীপুর উপজেলার চরপাড়া গ্রাম থেকে বাঁধনকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর বাঁধন মাগুরার অতিরিক্ত জেলা হাকিম আদালতে অপহরণের ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দেয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাঁধনের মামা মো. মফিজুল হক বাবলার দায়ের করা এ মামলায় আদালত দুই আসামিকে সর্বোচ্চ সাজা দিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৭০০ ঘ.
bdnews24