ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বুধবার এক-দেড় মিনিট স্থায়ী এক টর্নেডোয় এক শিশু নিহত ও কমপক্ষে দেড়শ জন আহত হয়েছে। এতে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার পাশাপাশি ক্ষেতের বিভিন্ন রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
সকাল সোয়া ১১টার দিকে নেপা, কাজীরবেড়, বাঁশবাড়িয়া ও যাদবপুর ইউনিয়নের পলিয়েনপুর, মাথাভাঙ্গাপাড়া, বাঁশবাড়িয়া, পাকরাইল, নিশ্চিন্তপুর, জামতলাপাড়া, ঝিটকেপোতা, গোপালপুর, জলুলী, যাদবপুর, বেতবেড়ে, কৃষ্ণপুর, সেনাইডাঙ্গা, কানাইডাঙ্গা, কুলতলা, বাউলী, শামন্তা, গোপালপুর, কুঠিপাড়া, চুন্নিরঅটি, দরবেশপুর, সুন্দরপুর, মকরধজপুর, বাঘাডাঙ্গা প্রভৃতি গ্রামের ওপর দিয়ে এ টর্নেডো বয়ে যায়।
ভৈরবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ কৃষ্ণপদ সাংবাদিকদের বলেন, "টর্নেডো এক-দেড় মিনিট স্থায়ী ছিলো। এতে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার বেশ ক্ষতি হয়েছে। শত শত গাছ পালা ভেঙ্গে পড়েছে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে বিভিন্ন রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।"
তিনি জানান, নিহত সাথী (৮) পুরোপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। সে তার নানার বাড়ি চুন্নিরঅটি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলো। টর্নেডোর সময় গাছের ডাল চাপা পড়ে তার মৃত্যু হয়।
যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, টর্নেডোয় তার ইউনিয়নে সাতটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপা ইউনিয়নের চেয়ারম্যান মঈনুল ইসলাম জানান, টর্নেডো বাঘাডাঙ্গা থেকে শুরু করে কাজীরবেড়, বাঁশবাড়িয়া ও যাদবপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যায়। এ সময় শিলাবৃষ্টিতে মাঠের ভুট্টা, তামাক, মসুরি, খেসাড়িসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক রমা রানী রায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টর্নেডোয় তিনটি ইউনিয়নে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
সরেজমিনে ক্ষয়ক্ষতি দেখতে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করছেন জানিয়ে তিনি বলেন, "টর্নেডোয় কমপক্ষে দেড়শ জন কমবেশি আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ-সাত জনের আঘাত গুরুতর। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৭৩২ ঘ.
bdnews24