ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে।
এ কারণে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ঢাকা, সিলেট, কুমিল্লা, আশুগঞ্জ, মাধবপুর, চৌমুহনী, আখাউড়া, নয়নপুর রুটে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু সিএনজিচালিত টেম্পু চলাচল করতে দেখা গেছে।
ধর্মঘটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের টিএ সড়কে আলমগীর মিয়ার ওপর হামলা হয়। এরপর পরিবহন শ্রমিক-মালিকরা বৈঠক করে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের সমর্থনে দুপুরে শহরের পূর্ব মেড্ডায় পরিবহন মালিক সমিতির কার্যালয়ের সামনে সমাবেশ হয়।
ব্রাহ্মণবাড়িয়া পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মনসুর আলী দানার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আলমগীর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়ি থেকে চাঁদাবাজির প্রতিবাদ করায় তার ওপর হামলা হয়েছে।
সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান, এ ঘটনায় ১৭ জনকে আসামি করে আলমগীর সদর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩০০ ঘ.
bdnews24