২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা: অধিকতর তদন্তের সময় বাড়লো

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারো বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 04:25 PM

Updated : 24 Aug 2022, 06:50 PM

সিলেট, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারো বাড়ানো হয়েছে। মঙ্গলবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার আদালতে আরো সময় চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম। বিচারক মাহবুব-উল-ইসলাম আবেদন মঞ্জুর করে আগামী ২ ও ৩ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করার নতুন তারিখ ধার্য করেন। সময়ের আবেদনে বলা হয়, এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে কারণে তদন্ত প্রতিবেদন দিতে আরো সময় লাগবে। অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এ নিয়ে ২৪ বার পেছানো হল বলে জানিয়েছেন সিলেটের বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) কিশোর কুমার কর। পিপি বলেন, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার স্বার্থে তদন্ত কর্মকর্তাকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বারবার সময় দেওয়া হচ্ছে। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে হবিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সিআইডির ওই কর্মকর্তা ২০০৫ সালের ১৯ মার্চ হবিগঞ্জ বিএনপির সহসভাপতি এ কে এম আবদুল কাইয়ূম চৌধুরীসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক বিপ্লব গোস্বামী অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন (চার্জ) করে বিচার কাজ শুরু করেন। কিন্তু ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর উচ্চ আদালতে বাদিপক্ষের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার কাজ স্থগিত করে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়। এ পর্যায়ে মামলার অধিকতর তদন্তের জন্য সিআইডির হবিগঞ্জ অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৬ ঘ.