বাগেরহাট, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্য শেখ হেলালের জনসভায় বোমা হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জেএমবি সদস্য জিল্লুর রহমান জিনু মোল্লাকে দুই দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে সোমবার বাগেরহাটের বিচার বিভাগীয় হাকিম মো. নূর নবী এ অনুমতি দেন। সিআইডি ১০ দিন সময় চাইলেও আদালত দুই দিন দিয়েছে।
২০০১ সালের ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই হেলালের নির্বাচনী জনসভায় বোমা হামলা হয়।
জিনু মোল্লা ১৭ আগস্ট বোমা হামলা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬১ জেলায় একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)।
মোল্লাহাটের খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে হেলালের নির্বাচনী জনসভায় বোমা বিস্ফোরণে নয় জন নিহত হয়।
হেলালের মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক হরিপদ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলেও গত ১৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের সিদ্ধান্ত অনুযায়ী মামলাটি পুনরুজ্জীবিত হয়। বর্তমানে অধিকতর তদন্ত চলছে।
জিনু মোল্লাকে জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন হরিপদ।
জিনু মোল্লার বাড়ি মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উত্তরকান্দি গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/এমআই/১২০০ ঘ.
bdnews24