ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
সোমবার দলের যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেলোয়ার বলেছেন, "খালেদা জিয়া যখন সরকারের অগণতান্ত্রিক আচরণ ও দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে সোচ্চার এবং দেশব্যাপী নির্যাতন নিপীড়ন রুখে দাঁড়ানোর জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন তখনই এভাবে বোমা পেতে রাখা হয়েছে।'
তিনি বলেন, "দলের নেতা কর্মীদের মনোবল ভেঙ্গে দিতেই সরকার এসব করছে। কিন্তু কোনো প্রকার বোমাতঙ্ক, হুমকি, গ্রেপ্তার ও নির্যাতন দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা যাবে না।"
বিএনপি মহাসচিব আরো বলেন, "বারবার জোরালো দাবি সত্ত্বেও চেয়ারপার্সনের পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে বরং পূর্বের নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করা হয়েছে।"
দেলোয়ার বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জিএনএ/২০৫৫ ঘ.
bdnews24