সাতক্ষীরা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহর থেকে জামায়াতে ইসলামী ও এর সমর্থক ছাত্রশিবিরের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে জিহাদী বইসহ বিভিন্ন কাগজপত্র।
রোববার গভীর রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত শহরের কয়েকটি ছাত্রাবাস ও বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত-শিবির সন্দেহে ২৮ জনকে আটক করা হয়।
এদের মধ্যে জামায়াত-শিবির নেতাকর্মী নিশ্চিত হওয়ার পর ২৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সদর থানার ওসি হাশেম আলী খান জানান।
তিনি বলেন, "তাদের কাছ থেকে জিহাদ, বিপ্লব ও জামায়াতের কলাকৌশল সংশ্লিষ্ট বিভিন্ন বই উদ্ধার করা হয়।"
বইগুলোর মধ্যে রয়েছে- ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব, শহীদ, ইসলামী ছাত্রশিবির, জিহাদ, সংগ্রামী জননেতা, গঠনতন্ত্র কর্মী রিপোর্ট বই, জিহাদের হকিকত, রুকু নিয়তের দায়িত্ব ও মর্যাদা, ইসলামের আহবান, রক্ত সিঁড়ি, পলাশী থেকে বাংলাদেশ, ইসলামী বিপ্লবের সংগ্রাম ও সংলাপ, কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট বইসহ ৩৫ প্রকারের জিহাদী ও বিপ্লবী বই।
ওসি আরো বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এমন খবরের ভিত্তিতে জামায়াত ও শিবিরের এই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২৫ জনকে ৫৪ ধারায় (সন্দেহভাজন) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হবে।
কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে আছেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা গ্রামের খায়রুল বাসার (১৮), আগরদাড়ি গ্রামের রফিকুল ইসলাম (১৮), গোকুলনগর গ্রামের শাহিনুর আলম (১৮), কালিগঞ্জ উপজেলার শেহারা গ্রামের আব্দুল হান্নান (১৮), নীলকন্ঠপুর গ্রামের আশিক বিল্লাহ (২২), নাটোয়ার বেড়া গ্রামের নূরুজ্জামান (১৭), জাফরপুর গ্রামের আবুল খায়ের (১৮), শ্যামনগর উপজেলার রামজীবনপুর গ্রামের মাসুম বিল্লাহ (১৭), মাহমুদুল হাসান (১৭), কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (২০), মাদরা গ্রামের মোমিনুর রহমান (২২), একড়া গ্রামের আব্দুল আলিম (২৬), সলিমপুর গ্রামের গালিব (১৮), দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মাসরুর সাকির শিমুল (১৯), জগন্নাথপুর গ্রামের সাইদুর রহমান (১৮), সদর উপজেলার বৈচানা গ্রামের মশিউর রহমান (২০), সাতক্ষীরা শহরের ঘোষপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন (২৪), ইমদাদুল হক (১৭), তার ভাই ইনজামামুল হক (১৯), মুন্সিপাড়া এলাকার আবু দাউদ (৫০), শফিকুল আলম (৪৮), তার ভাই ছদরুল আলম (৪০), নাজমুল আলম (৩৩), আবু রায়হান (১৭) ও আসলাম হোসেন (১৭)।
পুলিশ কর্মকর্তা জানান, সাতহালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (২৫), খুলনার পাইকগাছা উপজেলার ধামরাইলের মাসুম (১৮) এবং সাতক্ষীরার তালা উপজেলার রাড়িপাড়া গ্রামের আলমগীর হোসেন (২২) শিবিরের কর্মী কিনা তা নিশ্চিত না হওয়ায় তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।
জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24