পটুয়াখালী, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীতে ছাত্রশিবিরের একটি ছাত্রাবাস থেকে বিপুল সংখ্যক জিহাদী বই ও চার পিস লোহার পাইপ উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউট রোড থেকে এসব উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার।
তিনি জানান, ছাত্রাবাসটিতে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা থাকত।
তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘঠিত ছাত্রলীগ কর্মী হত্যার পর থেকেই এ ছাত্রাবাসের শিবির কর্মীরা পলাতক রয়েছে।
গত সোমবার রাতভর সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন। পুলিশ বলেছে, শিবিরের হামলায় তিনি মারা গেছেন। এর পর থেকে রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু শিবির 'উৎখাতে' চিরুনী অভিযানের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে সারা দেশে প্রায় দুই শ' জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭৪১ ঘ.
bdnews24