ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত তুর্কি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বলেছেন, ঢাকা-আংকারা বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে ১শ' কোটি ডলার ছাড়িয়ে যাওয়া সম্ভব। এছাড়া দু'দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারেও তিনি আগ্রহ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট শুক্রবার বঙ্গভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "এটি বেশ আনন্দের বিষয় যে দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য অল্প সময়ের মধ্যে প্রায় ৬শ' মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই অংক ১০০ কোটি ডলারে পৌঁছাতে পারে, এমনকি তার চেয়েও বেশী হতে পারে;যা উভয় দেশের জন্যই উপকারী হবে।"
তুর্কি প্রেসিডেন্ট দুদিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার বাংলাদেশে আসেন।
তুর্কি ভাষায় আবদুল্লাহ গুল বলেন, "আমরা আন্তর্জাতিক অঙ্গনে পরস্পরকে সমর্থন করি এবং সামরিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকি।"
তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক, সামরিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে তুরস্ক ভালো সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। রাষ্ট্রপতি জিল্লুর রহমান এসময় তার পাশে ছিলেন।
পরে তুর্কি প্রেসিডেন্ট রাষ্টপতি জিল্লুর রহমানের দেওয়া নৈশভোজে যোগ দেন।
ভোজসভায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, তুরস্কের জনগণ বাংলাদেশ থেকে ওষুধ, পাট ও চামড়াজাত সামগ্রী এবং তৈরি পোষাক আমদানি করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শুক্রবার সোনারগাঁও হোটেলে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তার হোটেল স্যুটে সাক্ষাত করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/কেএমএস/এইচএ/২৩৫০ঘ.
bdnews24