২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান গার্ডেন সিটিতে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির একটি ভবনের ১১ তলায় বৃহস্পতিবার রাতে আগুন লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 05:25 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির একটি ভবনের ১১ তলায় বৃহস্পতিবার রাতে আগুন লেগেছে। রাত ১১ টা পর্যন্ত আগুন জ্বলছিল। দমকল সদর দপ্তর থেকে জানানো হয়, রাত রাত সোয়া ১০টার দিকে জাপান গার্ডেন সিটির ভেতরে ৬ নম্বর ভবনের ১১ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট সেখানে গিয়েছে। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেষ্ঠ্য প্রতিবেদক লিটন হায়দার জানান, ৬ নম্বর ভবনটির উত্তর ও দক্ষিণ দু' পাশ দিয়েই আগুনের শিখা দেখা যাচ্ছে। পাশের ভবনগুলো থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। হাজার হাজার লোক জড়ো হওয়ার কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। ভবনটির দোতলার বাসিন্দা জসীম উদ্দীন জানান, আগুন লাগার পর তারা কয়েকজন মিলে আটতলা পর্যন্ত ঘুরে দেখে এসেছেন। সে ফ্লোরগুলোতে কেউ ছিল না। সবগুলো ফ্লোরের বাসিন্দারা ফ্লাটে তালা মেরে নীচে নেমে গেছে। তবে ৮ তলার ওপরে তারা ধোঁয়ার কারণে যেতে পারেননি। ভবনের ৯ তলার বাসিন্দা রিয়াজ হাসান জানান, পৌনে ১০টার দিকে আগুন আগুন চীৎকারে তারা সবাই নীচে নেমে আসেন। রিয়াজ জানান, ১১ তলার (১১০১ নম্বর ফ্লাট) ওই ফ্লাটটিতে এখনও কেউ বাস করছিল না। ফ্লাটটি সাজানোর (ডেকোরেশন) কাজ চলছিল। পাশের ফ্লাটের (১১০২ নম্বর ফ্লাটের) বাসিন্দা বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের মহা ব্যাবস্থাপক নারায়ণ সরকার জানান, এক বছর থেকে ওই ফ্লাটটিতে কাঠের কাজ চলছে। প্রতিদিন মিস্ত্রীরা এসে কাজ করে চলে যায়। মালিক এখনও সেখানে ওঠেননি। তিনি বলেন, "আমি ও আমার স্ত্রী আগুন লাগার খবরে দ্রুত নেমে আসি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জিএনএ/২৩১৫ ঘ.