২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃত্রিমভাবে খাদ্যমূল্য বাড়ানোর চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাড়ে ১১ লাখ টন খাদ্য মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম উপায়ে বাজারে মূল্যবৃদ্ধির চেষ্টা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 01:07 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাড়ে ১১ লাখ টন খাদ্য মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম উপায়ে বাজারে মূল্যবৃদ্ধির চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে কৃষিবিদদের দুদিনব্যাপী ৪র্থ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল দ্রব্যমূল্য কমানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সেই অঙ্গীকার পূরণে আমরা অনেকটাই সফলতা অর্জন করেছি। "বর্তমানে দেশে সাড়ে ১১ লাখ টন খাদ্য মজুদ রয়েছে। এছাড়া আমন ফসলও কৃষকের ঘরে উঠেছে। তবুও বাজারে কৃত্রিম উপায়ে মূল্যবৃদ্ধির চেষ্টা চলছে।" প্রধানমন্ত্রী বলেন, "এবারই প্রথম আমরা দেশে কৃষিকার্ড চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে কৃষকরা ঋণ গ্রহণসহ যাবতীয় সহায়তা পাবেন।" কৃষি উন্নয়নে সরকারের কিছু উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, টিএসপি সারের দাম প্রতি টন ৬৫ হাজার টাকা থেকে কমিয়ে ২০ হাজার টাকা এবং ডিএপি সারের দাম ৮৫ হাজার টাকা থেকে কমিয়ে ২৮ হাজার টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, "সারের সুষ্ঠু সরবরাহ ও বিতরণ নিশ্চিত করা হয়েছে। কোথাও একদিনের জন্যও সার সঙ্কট হয়নি। ডিজেল ও বীজসহ কৃষি উপকরণের দামও কমানো হয়েছে। ফলে বাম্পার ফলন হয়েছে।" তিনি আশা প্রকাশ করেন, এসব কর্মসূচি গ্রহণের ফলে ২০০৯-২০১০ মৌসুমে ৩৫ দশমিক ২৫ মিলিয়ন (সাড়ে তিন কোটি) টন খাদ্য শস্য উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জিত হবে। শেখ হাসিনা বলেন, "আমাদের কৃষি ব্যবস্থা বাণিজ্যিক পর্যায়ের দিকে মোড় নিয়েছে। বিশ্বায়ন প্রক্রিয়া এ রূপান্তরকে অনিবার্য ও বেগবান করছে। তথ্যপ্রযুক্তির বিষ্ময়কর অগ্রগতিও কৃষির এ রূপান্তর প্রক্রিয়াকে প্রভাবিত করছে প্রবলভাবে। "এজন্য আমাদের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে। পণ্যের মান নিয়ন্ত্রণ ও প্রচার বাণিজ্য কাজে লাগানোর যোগ্য হতে হবে। তবেই আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো।" রাসায়নিক সার পরিহারের তাগিদ... অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষিতে রাসায়নিক উপকরণের পরিবর্তে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত উপকরণ ব্যবহারের ওপর জোর দেন। তিনি বলেন, "রাসায়নিক সারের কুফল সম্পর্কে সর্বস্তরে জনসচেতনতা তৈরি হতে শুরু করেছে। আমাদের রাসায়নিক উপকরণ চক্র থেকে বের হয়ে আসতে হবে।" এ সময় প্রধানমন্ত্রী পোঁকা-মাকড় দমনে পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত উপায় প্রয়োগ এবং নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য কৃষিবিদদের আহ্বান জানান। তিনি বলেন, "আমাদের জমি কমে যাচ্ছে। তাই কম জমিতে বেশি ফলে ও পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খায় এবং আমাদের জীববৈচিত্র ও পরিবেশ যাতে বিনষ্ট না হয় এমন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। উদ্ভাবিত প্রযুক্তি যেন টেকসই ও কৃষিবান্ধব হয় তা নিশ্চিত করতে হবে।" প্রধানমন্ত্রী বলেন, "আমাদের গ্যাসের প্রায় পাঁচভাগের এক ভাগ ইউরিয়া সার তৈরিতে চলে যায়। অথচ জমিতে ইউরিয়া অপরিহার্য নয়। আবার যতোটুকু ব্যবহার করলে চলে তার চেয়ে অনেক বেশি সার জমিতে ব্যবহার করা হয়ে থাকে।" এ সময় তিনি জাতীয় সম্পদ অপচয় বন্ধের আহ্বান জানান। কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি ওয়াসিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব আফম বাহাউদ্দীন নাছিম প্রমুখও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/জিএনএ/১৮১৭ ঘ.