২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পাঁচজনের যাবজ্জীবন

একটি খুনের মামলায় পাঁচজনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে হবিগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 12:20 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

হবিগঞ্জ, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি খুনের মামলায় পাঁচজনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে হবিগঞ্জের একটি আদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডিতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম চরহামুয়া গ্রামের শামীম (২২), আলী আহমদ (৫০) ও তার ভাই ইউনুছ আলী (৫৫), সাইফুল ইসলাম (৩০) এবং দক্ষিণ চরহামুয়া গ্রামের শাহজাহান। এদের মধ্যে আলী আহমদ পলাতক রয়েছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আওলাদ হোসেন ভূইয়া বুধবার এ রায় দেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ৫ ডিসেম্বর পশ্চিম চরহামুয়া গ্রামের ডাকাত শাহজাহানকে একটি ডাকাতি মামলায় পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন স্থানীয় গ্রাম পরিষদ সদস্য আব্দুল কদ্দুছ। এ কারণে কদ্দুছকে হত্যার পরিকল্পনা করে আসামিরা। একই বছরের ২৯ ডিসেম্বর রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে চরহামুয়া আশ্রায়ন প্রকল্পের কাছে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুল কদ্দুছকে গুরুতর জখম করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় কদ্দুছের বাবা আব্দুল মান্নাফ বাদী হয়ে সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনর সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সিরাজুল হক চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৮১২ ঘ.