২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকের আগেই ৫টি বিদ্যুত কেন্দ্র অনুমোদন ক্রয় কমিটিতে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন ছাড়াই পাঁচটি 'পিকিং পাওয়ার প্লান্ট' স্থাপন প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 12:15 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন ছাড়াই পাঁচটি 'পিকিং পাওয়ার প্লান্ট' স্থাপন প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তবে এজন্য কাজ শুরুর আগে একনেকের অনুমোদন নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হওয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভায় মালদ্বীপ থেকে জ্বালানি আমদানি, খাদ্য বিভাগের জন্য বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিজেএমসি) থেকে এক কোটি ৯৯ লাখ বস্তা কেনা এবং পল্লী বিদ্যুতের জন্য এক লাখ সিঙ্গেল ফেস মিটার কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় ও অর্থনৈতিক শাখার উপসচিব নূর উর রহমান সাংবাদিকদের জানান, সভায় উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে মোট ৩ হাজার ৬৯ কোটি ১৩ লাখ ৪৪ হাজার টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তবে বিদ্যুৎ বিভাগের কেন্দ্র স্থাপন সংক্রান্ত প্রস্তাবগুলো একনেকে অনুমোদন না হওয়ায় আগে অনুমোদন নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। সভায় মালদ্বীপ থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল (পরিশোধিত জ্বালানি) আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। প্রতি ব্যারেল তিন দশমিক ৯০ ডলার ব্যয়ে এ জ্বালানি আমদানিতে মোট ব্যয় হবে ৪৯৫ কোটি ৭৭ লাখ টাকা। বিজেএমসি থেকে খাদ্য বিভাগের জন্য প্রায় দুই কোটি বস্তা কিনতে ব্যয় হবে ১৩১ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকা। যে পাঁচটি পিকিং বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে সেগুলো হচ্ছে- ফরিদপুর ৫০ মেগাওয়াট, দোহাজারী ১০০ মেগাওয়াট, হাটহাজারী ১০০ মেগাওয়াট, দাউদকান্দি ৫০ মেগাওয়াট ও বাঘাবাড়ী ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট। এসব কেন্দ্র ফার্নেস অয়েলভিত্তিক ইঞ্জিনে চালবে। ফরিদপুর ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির জন্য ব্যয় হবে ৩৮৩ কোটি ৫৪ লাখ টাকা। এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লি. ও কনসোর্টিয়াম অব এনার্জি পাওয়ার জেনারেশন যৌথভাবে কাজটি করবে। দোহাজারী ১০০ মেগাওয়াটের জন্য ব্যয় হবে ৯৭১ কোটি ৬৯ লাখ ৭১ হাজার এবং হাটহাজারী ১০০ মেগাওয়াটের জন্য ব্যয় হবে ৯০৮ কোটি ৭৪ লাখ ৫৮ হাজার টাকা। চীনা প্রতিষ্ঠান গোয়ানডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং লি. এ দুটি কেন্দ্র স্থাপনে কাজ করবে। দাউদকান্দি ৫০ মেগাওয়াটের জন্য ব্যয় হবে ৫৭৪ কোটি ৮৩ লাখ এবং বাঘাবাড়ী ৫০ মেগাওয়াটের জন্য ব্যয় হবে ৫০২ কোটি ৭১ লাখ টাকা। ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি, চীনা ন্যাশনাল ইলেকট্রিক অয়্যার অ্যান্ড ক্যাবল এবং জিয়াংশু ইটিইআরএন কোম্পানি যৌথভাবে এ দুই কেন্দ্রের কাজ করবে। পল্লী বিদ্যুতের জন্য এক লাখ সিঙ্গেল ফেস মিটার কেনার জন্য সরকারের ব্যয় হবে আট কোটি ৭১ লাখ টাকা। সভায় পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ ও বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৮০০ ঘ.