গোলাম মর্তুজা অন্তু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তোড়জোড়ের সময়ই একজন ওয়ার্ড কমিশনার সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ায় অন্য কমিশনাররা বলছেন, তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন।
বিএনপির সঙ্গে যুক্ত এ সব কমিশনারের অধিকাংশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ থাকলেও পুলিশ জানিয়েছে, প্রয়োজনে নির্বাচিত জন প্রতিনিধি হিসেবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
২০০২ সালের ২৫ এপ্রিল সর্বশেষ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার পর এ পর্যন্ত পাঁচজন কমিশনার সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। সর্বশেষ মঙ্গলবার মারা গেলেন আহমেদ হোসেন। তিনি যুবদলের ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির সভাপতি ছিলেন।
আগামী মার্চে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান কমিশনাররাও তাতে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। জনসংযোগের পাশাপাশি অনেকের পোস্টারও লেগেছে নগরীর বিভিন্ন স্থানে। তবে হোসেন খুন হওয়ার পর তাদের মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
"এখন তো ভয়ই লাগে। আহমদের মতো জনপ্রিয় কমিশনাররেও মাইরা ফালাইলো, এর আগে চারজনকে মারছে। দুইদিন পর আমারেও যে মারবো না, তার গ্যারান্টি কী", বলেন ৬২ নম্বর ওয়ার্ড কমিশনার মীর আশরাফ আলী আজম।
তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন সরকারের কাছে আমাদের চাওয়া জীবনের নিরাপত্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি সমর্থিত আরেক কমিশনার বলেন, "আমাদের ঘরে শত্র", বাইরে শত্র"। পার্টি থেকে মনোনয়ন পাওয়া নিয়ে শত্র"তা; আবার ভোটে দাঁড়ানোর পর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে শত্র"তা।"
আরো কয়েকজন কমিশনারের সঙ্গে কথা বলা হলেও তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা সিটি কর্পোরেশনের ৯০ জন ওয়ার্ড কমিশনারের মধ্যে অন্তত ১৫ জনকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন আরো অন্তত ৩০ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব কমিশনাররা কম-বেশি সবাই সন্ত্রাসের সঙ্গে জড়িত, তা সবাই জানে। কেউ আগে সন্ত্রাসী ছিলেন অথবা কেউ এখন সন্ত্রাসী পোষেন। আর কেউতো ওইসব এলাকার সন্ত্রাসীদের গডফাদার। এলাকার আধিপত্য, চাঁদাবাজি, দরপত্র, জমি দখল ইত্যাদি নিয়ন্ত্রণ করেন কমিশনাররাই।"
তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "সিটি কর্পোরেশনের নির্বাচনের বিষয়টি আমাদের মাথায় রয়েছে। যারা নির্বাচনে অংশ নেবেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। নিরাপত্তার বিষয়ে তাদের কোনো চাহিদা থাকলে আমরা দেখবো ও পূরণ করার চেষ্টা করবো।"
হোসেন হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে জানিয়ে শহীদুল বলেন, "অপরাধীদের ধরতে আমরা কাজ করে যাচ্ছি। আর কেনো অঘটন যেন না ঘটে, সে জন্য সচেতন রয়েছি।"
ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী দায়িত্বে থাকা অবস্থায় গত ৮ বছরে সন্ত্রাসী হামলায় নিহত কমিশনাররা হলেন- ৮ নম্বর ওয়ার্ডের সাইদুর রহমান নিউটন, ৭২ নম্বর ওয়ার্ডের বিনয় সরকার বীনা, ৪৪ নম্বর ওয়ার্ডের কে এম আহমেদ রাজু, ৯০ নম্বরওয়ার্ডের শাহদাত হোসেন শিকদার এবং ৭০ নম্বর ওয়ার্ডের আহমেদ হোসেন।
এছাড়া ১৬ নম্বর ওয়ার্ড কমিশনার কাইয়ুম খান তত্ত্বাবধায়ক সরকারের সময় পুলিশ হেফাজতে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৭৪০ ঘ.
bdnews24