কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের আদেশ অমান্য করায় এক সিনিয়র সহকারী সচিবকে তিন মাসের দেওয়ানী কারাদণ্ড (সিভিল জেল) দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।
আদালত রায়ে ওই কর্মকর্তার এক বছরের বেতন ক্রোক করারও আদেশ দেয়। দণ্ডিত ফয়সাল হাসান বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান মঙ্গলবার এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চরকলসী গ্রামের সিজিলা খাতুন নামের এক মহিলা তার একটি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। ওই অবস্থায় তাড়াইল উপজেলা ভূমি কার্যালয় পুকুরটি সরকারি জলাশয় দেখিয়ে অবৈধভাবে ইজারা দেওয়ার চেষ্টা করলে সিজিলা খাতুন ১৯৯৯ সালের ২৪ জানুয়ারি আদালতে মামলা করেন। আদালত সিজিলা খাতুনের পক্ষে রায় দেয়।
রায়ে বাদিকে কোনো প্রকার হয়রানি না করার আদেশ দেওয়া হয়।
ওই রায়ের বিরুদ্ধে ২০০০ সালের ২ মে রাষ্ট্রপক্ষ আপিল করে। ২০০২ সালের ৫ জানুয়ারি আদালত আপিল মামলায় স্থিতাবস্থার আদেশ দেন।
এদিকে আদালতের আদেশ অমান্য করে তাড়াইলের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল হাসান বাদিকে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন।
আদালতের আদেশ অমান্য করার কারণে সিজিলা খাতুন বাদি হয়ে জেলা জজ আদালতে ২০০৩ সালের ২৭ জানুয়ারি ফয়সাল হাসানের বিরুদ্ধে 'আদালতের আদেশ অমান্য'র (ভায়োলেশন) মামলা করেন।
বাদিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) বিজয় শঙ্কর রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24